কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর একাধিক বিভাগে চিকিৎসক প্রয়োজন। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে নির্দিষ্ট মেয়াদের জন্য শতাধিক শূন্যপদে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে। শূন্যপদের সংখ্যা ১৩৩। নিযুক্তেরা প্রতিষ্ঠানের যে সমস্ত বিভাগে কাজের সুযোগ পাবেন, সেগুলি হল— অ্যানাস্থেশিয়া, কার্ডিয়ো থোরাসিক অ্যান্ড ভাসক্যুলার সার্জারি, ডার্মাটোলজি, ডেন্টিস্ট্রি, এমার্জেন্সি মেডিসিন অ্যান্ড ট্রমা, ইএনটি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি, মেডিক্যাল অনকোলজি বা হেমাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি-সহ অন্য বিভাগ। সংশ্লিষ্ট পদে সর্বাধিক তিন বছরের চুক্তিতে কাজ করতে পারবেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪৫ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে গ্রস পে বাবদ ৬৬০০ টাকা। আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীরা মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের ১০০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ১৭ ফেব্রুয়ারি। এর পর বাছাই প্রার্থীদের অনলাইন এবং অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। অফলাইন এবং অনলাইনে ইন্টারভিউ প্রক্রিয়ার আয়োজন করা হবে ৩, ৪ এবং ৫ মার্চ। ইন্টারভিউ শুরু সকাল সাড়ে ৯টা থেকে।