রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন। ২০২৫-এর ১৪ ডিসেম্বর স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) নেওয়া হয়েছিল। পরীক্ষার ফল ঘোষণা হওয়ার আগেই ওই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১-এর পর প্রতি বছর পরীক্ষা হলেও ওই পদে নতুন করে নিয়োগ না হওয়ায় আড়াই হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তাই ওই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণেরা এই নিয়োগ প্রক্রিয়ায় যোগদানের সুযোগ পাবেন। এ ছাড়াও যাঁরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট) উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
প্রার্থীদের স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হওয়া প্রয়োজন। তবে, যাঁরা পিএইচডি করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের প্রতি মাসে ৫৭,৭০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
কলেজ সার্ভিস কমিশন আবেদন যাচাই করে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেবে। তাঁদের কাউন্সেলিং-এর মাধ্যমে চূড়ান্ত পদে নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের কমিশন-এর পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ১৫ এপ্রিল।