কাজের বাজারে কৃত্রিম মেধা নিয়ে আলোচনার অন্ত নেই। ছোট থেকে বড়, সরকারি থেকে বেসরকারি— সব সংস্থাই ওই প্রযুক্তির সংযোজন করছে। আর তার ফলে বিভিন্ন ধরনের নতুন পদ তৈরি হচ্ছে। আবার কোনও ক্ষেত্রে গতানুগতিক পদের সঙ্গেই জুড়ে যাচ্ছে এআই।
এমন পরিস্থিতিতে ওই প্রযুক্তিতে সড়গড় ব্যক্তিদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কর্মক্ষেত্রে। হিসাব বলছে, এ দেশে ৬ লক্ষেরও বেশি এআই বিশেষজ্ঞের প্রয়োজন। অথচ, মাত্র ৪ লক্ষ ১৬ হাজার বিশেষজ্ঞ রয়েছেন। দেশের বিভিন্ন সংস্থায় কৃত্রিম মেধা বিশেষজ্ঞদের কোন পদে নিয়োগ করা হচ্ছে, নতুন কী কী পদে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে— রইল তার সুলুক সন্ধান।
মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার
কৃত্রিম মেধা কিংবা মেশিন লার্নিং নিয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর হওয়ার পর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসাবে কাজের সুযোগ পাওয়া যেতে পারে। তাঁদের রাশিবিজ্ঞান, লিনিয়ার অ্যালজ্রেবা, পাইথন, মেশিন লার্নিং অ্যালগরিদম, ডেটা ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন। এই পদে নিযুক্তেরা সাধারণত বিভিন্ন সিস্টেম সুরক্ষিত রাখা, প্রতারকদের চিহ্নিত করা এবং উন্নতমানের ডেটা অ্যানালিসিস-এর কাজগুলি করে থাকেন।
জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার ও ডেভেলপার
কৃত্রিম মেধার সাহায্য পরিচালিত হয়, এমন অ্যাপ্লিকেশন তৈরি করেন জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার ও ডেভেলপারেরা। এ জন্য তাঁরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে থাকেন। এ ক্ষেত্রে তাঁদের লক্ষাধিক তথ্যের সাহায্যে সঠিক নির্দেশ দেওয়ার মডেল তৈরি করতে হয়। এই কাজটি করতে আগ্রহীদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি থাকলে এ ক্ষেত্রে নিয়োগে অগ্রাধিকার মেলে। তবে, কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স-এ ডিগ্রি থাকলেও কাজের সুযোগ পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে তাঁদের জেনারেটিভ এআই সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
প্রম্পট ইঞ্জিনিয়ার
সঠিক নির্দেশ দিলে কৃত্রিম মেধার সাহায্যে কাল্পনিক ছবি থেকে ভিডিয়ো, সবই তৈরি করা সম্ভব। এর সাহায্যে জটিল সমস্যার সহজ সমাধানও পাওয়া যায়। নির্দেশ অনুযায়ী কেমন করে কৃত্রিম মেধা সেই সমাধান খুঁজে দেবে, তার জন্য সঠিক মডেল তৈরি করা এবং সব কাজের মূল্যায়ন করাই প্রম্পট ইঞ্জিনিয়ারদের কাজ। এই পদে কাজ করতে আগ্রহীদের জিপিটি, ক্লড-এর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জানতে হবে। কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স-এর মতো বিষয়ে ডিগ্রি থাকা চাই।
এআই প্রোডাক্ট ম্যানেজার
কৃত্রিম মেধার সাহায্যে তৈরি হওয়া সফট্অয়্যার এবং হার্ডঅয়্যারগুলির রক্ষণাবেক্ষণ করার মূল কাজটি করে থাকেন এআই প্রোডাক্ট ম্যানেজার। এ ক্ষেত্রে তাঁদের ওই সমস্ত পণ্যের কার্যক্ষমতা যাচাই করা, কতটা সময় পর্যন্ত ওই পণ্যকে ব্যবহার করা যাবে— এই সব কিছুই এআই প্রোডাক্ট ম্যানেজাররা দেখে থাকেন। এই পদে কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তরেরা কাজের সুযোগ পেতে পারেন। তবে এ ক্ষেত্রে তাঁদের এআই প্রোডাক্ট ম্যানেজার প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করতে হবে।
এআই এথিক্স স্পেশ্যালিস্ট
কৃত্রিম মেধার দৌলতে ঝকঝকে ছবি ভিডিয়ো নিমেষে তৈরি হয়ে যায়। নথির নকল প্রতিলিপিও তৈরি করা সম্ভব ওই প্রযুক্তির সাহায্যে। তাই বাস্তবের সঙ্গে ভুয়ো ছবি বা ভিডিয়োর মিল কতটা, সেই সীমারেখাও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কৃত্রিম মেধা কতটা নৈতিকতা মেনে চলবে, এই প্রযুক্তিকে কতটা সুরক্ষিত ভাবে ব্যবহার করা যেতে পারে— তার খেয়াল রাখেন এআই এথিক্স স্পেশ্যালিস্টরা। সোস্যাইটি হিউম্যানিটিজ়, ডিজিটাল হিউম্যানিটিজ়, রেসপন্সিবল ইনোভেশন, এআই অ্যান্ড এথিক্স বিষয়ে স্নাতকোত্তরেরা ওই পদে চাকরির সুযোগ পেয়ে থাকেন। এ ক্ষেত্রে যাঁরা কলা বা ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন এবং এআই এথিক্স সংক্রান্ত সার্টিফিকেশন কোর্স করেছেন— তাঁরাও চাকরি পেতে পারেন।
এ ছাড়াও সফট্অয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, ক্লাউড আর্কিটেক্ট, স্ট্যাটেজি কনসালট্যান্ট, টেকনিক্যাল কনসালট্যান্ট-এর মতো পদের ক্ষেত্রেও এআই-এর সংযোজন হয়েছে। এ ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়, মেশিন লার্নিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, ক্লাউড আর্কিটেকচার-এর মত বিষয়ে দক্ষতা এবং জ্ঞান থাকলে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে।
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং-সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি বহুজাতিক সংস্থায় উল্লিখিত পদে নিয়মিত ভাবে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। এ ছাড়াও নতুন উদ্যোগের (স্টার্টআপ) ক্ষেত্রে এমন বিশেষজ্ঞদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।