পশ্চিম বর্ধমান জেলায় কাজের সুযোগ। আসানসোলের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সম্প্রতি বিদ্যালয়ের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে আংশিক সময়ের জন্য কাজের সুযোগ পাবেন তাঁরা।
বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রাইমারি শিক্ষক (পিআরটি), প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), বালবাটিকা শিক্ষক, কম্পিউটার প্রশিক্ষক, নার্স, এটিএল প্রশিক্ষক, কাউন্সেলর,স্পেশ্যাল এডুকেটর, বৃত্তিমূলক বিষয়ের প্রশিক্ষক-সহ অন্য পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তদের চাকরির মেয়াদ থাকবে এক বছর।
আরও পড়ুন:
পিজিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, বিএড ডিগ্রি থাকা এবং হিন্দি ও ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে গুগল ফর্মে সমস্ত তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আগামী ১১ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ১২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে সেখানে যেতে হবে।