রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-এ উচ্চপদে চাকরির সুযোগ রয়েছে। এই মর্মে ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। জানানো হয়েছে, পাঁচ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য ৮ ফেব্রুয়ারি থেকে শুরু অনলাইন আবেদনপ্রক্রিয়া।
ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে। মোট শূন্যপদ ৫,১৩৮। নিযুক্তেরা পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্য রাজ্যেও কাজের সুযোগ পাবেন। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৫৩২টি শূন্যপদ। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর। দেশের কোন অঞ্চলের কোন প্রান্তে পোস্টিং হবে, তার ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে মাসে ১২,৩০০ টাকা থেকে ১৫,০০০ টাকা।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।
প্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা, স্ক্রিনিং, নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য কর্মী বাছাই করা হবে।
আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পরে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিশদে জানা যাবে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে।