তথ্যের নিরাপত্তা আধুনিক বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই কাজটিই করে থাকেন সিকিউরিটি অ্যাডমিন। কম্পিউটারে রাখা গোপন তথ্যগুলি সামাল দেন এই পদে নিযুক্তেরা। তাই এমন গুরুত্বপূর্ণ পদে কর্মীর চাহিদাও থাকে বহু সরকারি বেসরকারি সংস্থায়। তবে, এই পদে নিযুক্ত হওয়ার জন্য কী পড়তে হয়? বেতনই বা কত হয়— রইল বিস্তারিত।
যোগ্যতা
এই পদে নিযুক্ত হতে হলে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। পাশপাশি, পেনেট্রেশন টেস্টিং, নেটওয়ার্ক মনিটরিং, ভলনারেবিলিটি স্ক্যানিং, অফিস ৩৬৫ এটিপি এবং অ্যাজুর সিকিউরিটি সেন্টার ব্যবহার করে কাজ করতে জানতে হবে। সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর অথবা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট হিসাবে পাঁচ থেকে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
কী কাজ করতে হয়
সিস্টেম সিকিউরিটির মধ্যে সার্ভার, নেটওয়ার্ক, সফটওয়্যার নিরাপদে রাখা। ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, সিকিউরিটি টুল সেট-আপ করা। ইউজ়ার অ্যাক্সেসের মধ্যে পাসওয়ার্ড ও লগইন সিস্টেমকে রক্ষণাবেক্ষণ করা। সাইবার আক্রমণ থেকে সিস্টেমকে রক্ষা করা। কোনও সমস্যা হলে তার কারণ খুঁজে বের করা। তথ্য নিরাপদে রাখা-সহ নানা দিক দেখতে হয় একজন সিকিউরিটি অ্যাডমিনকে।
আরও পড়ুন:
বেতন কত
শূন্য থেকে এক বছরের অভিজ্ঞতাসম্পন্নেরা সাধারণত বার্ষিক ৩ থেকে ৬ লক্ষ টাকা বেতন পান। এক থেকে তিন বছরে সেই বেতন ৪ লক্ষ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ থাকে। তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা হয়ে গেলে বেতন বৃদ্ধি হয় বার্ষিক ৬ থেকে ১০ লক্ষ টাকায় এবং পাঁচ বছররের বেশি হলে তা ১৫ লক্ষের বেশিও হয়।
চাকরির সুযোগ
সাধারণত বেসরকারি আইটি সংস্থাগুলিতে এই পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। সাধারণত বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে-তে এই পদের চাকরির সুযোগ বেশি। সরকারি সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অধীনে কেন্দ্রীয় সরকারি নানা প্রকল্পে কাজের জন্য এই পদে কর্মী নিয়োগ করা হয়।