Advertisement
E-Paper

আইনি জটে ‘ধুরন্ধর ২’! অনুমতি ছাড়াই কোন সংবেদনশীল এলাকায় দেদার শুটিং-এর অভিযোগ?

যথাযথ অনুমতি ছাড়াই সংবেদনশীল এলাকায় ড্রোন উড়িয়ে শুটিং করা হয়েছে। এই অভিযোগে ছবির ‘লোকেশন ম্যানেজার’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯
আইনি জটে ‘ধুরন্ধর ২’!

আইনি জটে ‘ধুরন্ধর ২’! ছবি: সংগৃহীত।

আইনি জটে ‘ধুরন্ধর ২’। মঙ্গলবার মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ছবির দ্বিতীয় ভাগের ঝলক। সেই ঝলকমুক্তির পরেই আইনি জটিলতা প্রকাশ্যে। যথাযথ অনুমতি ছাড়াই সংবেদনশীল এলাকায় ড্রোন উড়িয়ে শুটিং করা হয়েছে, এই অভিযোগে ছবির ‘লোকেশন ম্যানেজার’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঠিক অনুমোদন না নিয়ে মুম্বইয়ের ফোর্ট এলাকায় ড্রোন উড়িয়ে শুটিং করা হয়েছিল। সেই মর্মে ‘লোকেশন ম্যানেজার’ রিঙ্কু রাজপাল বাল্মিকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আইনি নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ছবির শুটিং চলাকালীনই বিষয়টি নজরে পড়ে পুলিশের। কড়া নিরাপত্তায় মোড়া এই ফোর্ট এলাকায় কী ভাবে অনুমোদন ছাড়া শুটিং করা যায়, তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময়ে সঞ্জয় দত্ত ও ছবির অন্য কলাকুশলীরাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ৩০ জানুয়ারি থেকে ফোর্ট এলাকাকে বিশেষ ভাবে সাজানো হয়। পাকিস্তানের পুরনো রাস্তার আদলে সাজিয়ে তোলা হয়েছিল সেই এলাকা। কিন্তু ১ ফেব্রুয়ারি দুপুর আড়াইটে নাগাদ নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে ড্রোনটি নাকি ঢুকে পড়ে সংবেদনশীল এলাকায়। যার জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে।

‘ধুরন্ধর ২’-এর ঝলক জুড়ে রয়েছেন শুধুই রণবীর। মাত্র একটি জায়গায় অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবনকে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, এ বার আইএসআই প্রধান অর্থাৎ অর্জুন অভিনীত চরিত্রের মুখোমুখি দেখা যাবে রণবীরের চরিত্র হামজ়াকে। মাধবনেরও আরও ভূমিকা রয়েছে এই ছবিতে। ‘ফ্ল্যাশব্যাক’ দৃশ্যে ফিরিয়ে আনা হবে অক্ষয় খন্নাকেও। ‘ধুরন্ধর’ মুক্তি পেয়েছিল ডিসেম্বরে। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’।

Dhurandhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy