বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন আমির খানের ছেলে জুনেইদ খান ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আমিরের প্রযোজনা সংস্থা থেকে ১ মে মুক্তির অপেক্ষায় ‘এক দিন’। অরিজিৎ সিংহ প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পরে এই ছবির গান রেকর্ড করাতে তাঁর জিয়াগঞ্জের বাড়িতে আসেন আমির নিজে। সেই ছবি মুক্তি পাওয়ার ৩৯ দিন আগে চালু করা হয় অগ্রিম টিকিট বুকিং। কেন এমন সিদ্ধান্ত?
সাধারণত যে কোনও ছবি মুক্তি পাওয়ার দিন দুই আগে থেকে শুরু হয় টিকিটের ‘অ্যাডভান্স বুকিং’। বড় তারকার ছবি বা বড় বাজেটের ছবির ক্ষেত্রে সেই দিনসংখ্যা আরও খানিকটা বৃদ্ধি পায়। তবে ৩৯ দিন আগে থেকে টিকিট কাটার ব্যবস্থা? এমনটা সাধারণত দেখা যায় না। আমির জানান, এই ভাবনাটা প্রথমে তাঁর টিমেরই এক জনের মাথায় আসে। আমিরের কথায়, “বিষয়টা হচ্ছে, ‘এক দিন’ একটা খুব ছোট ছবি। কারণ, এতে বড় কোনও তারকা নেই। যাঁরা অভিনয় করছেন, তাঁরা নতুন। জুনেইদ সবেমাত্র নিজের কেরিয়ার শুরু করছে। আর সাই (পল্লবী) হিন্দিতে এই প্রথম ছবি করছে। তাই আমার মনে হয়েছিল যে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে একটু বেশি সময় নেবে ছবিটি। ফলে যত দ্রুত কাজ শুরু করা যায়, তত ভাল। এই ছবির গল্পের উপরে আমার ভরসা আছে।”
পরিচালক সুনীল পাণ্ডের প্রশংসা করে প্রযোজক আমির বলেন, “সুনীল দারুণ কাজ করেছে। আমরা কেউ জানি না যে, ছবিটা আদৌ ভাল চলবে কি না। কিন্তু আমার জন্য জরুরি হচ্ছে যে, আদৌ আমরা চিত্রনাট্যে প্রাণ দিতে পারলাম কি না। আমার কাছে ওটাই সাফল্যের প্রথম ধাপ। আমার মনে হয়, সততার সঙ্গে সুনীল সেই কাজটা করতে পেরেছে। অবশ্যই ছবির সাফল্যের মাপকাঠি নির্ভর করে ব্যবসার অঙ্কের উপরে। কিন্তু, যে ছবি পছন্দই হয়নি, তা ভাল ব্যবসা করে কী লাভ? আমার ওরকম সাফল্য পছন্দ নয়।”
২০১৬ সালের তাইল্যান্ডের ছবি ‘ওয়ান ডে’র হিন্দি সংস্করণ এই ছবিটি। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে প্রথম বার জুটিতে দেখা যাবে জুনেইদ ও সাই পল্লবীকে। ছবিতে দেখা যাবে কুণাল কপূরকেও।