Advertisement
E-Paper

রাহুলের মুখাগ্নি করল ১৩ বছরের পুত্র সহজ, অস্থিভস্ম সঙ্গে করে ছেলেকে আগলে নিয়ে শ্মশান ছাড়েন প্রিয়াঙ্কা

কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল অভিনেতা রাহুলের। বাবার কাজ সারল ১৩ বছরের সহজ। পাশে ছিলেন মা প্রিয়াঙ্কা সরকার। এ দিন সবার একটাই প্রশ্ন সহজ কেমন আছে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২১:১১
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

গত ২৪ ঘণ্টায় ঝড় বয়ে গিয়েছে মা ও ছেলের উপর দিয়ে। সোমবার বিকেলে যখন প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অভিনেত্রী-স্ত্রী প্রিয়াঙ্কা সরকার শ্মশানে ঢুকছিলেন, তাঁর এক হাত ধরে ছিল ছেলে সহজ। শ্মশানভর্তি ভিড় কাটিয়ে মা যখন সহজকে নিয়ে ভিতরে ঢুকছিলেন, কেমন যেন থমথমে চোখে চারদিকে তাকিয়েছিল সে। এমন কোনও আঁধার করা বিকেলের মুখোমুখি যে হতে হবে এইটুকু বয়সে, তা কি আর ভেবেছিল সহজ!

চারদিকে এত লোকজনের ভিড়ের মধ্যে হয়তো সেই বোধটাও কাজ করছিল না সদ্য প্রয়াত অভিনেতা রাহুলের ১৩ বছরের পুত্র সহজের। তাই আপাত নিরুত্তাপ মুখে সে প্রায় যন্ত্রচালিতের মতো মায়ের সঙ্গে ঢুকে পড়ে শ্মশানের ভিতরে। যেখানে শোয়ানো তার বন্ধুর মতো বাবার নিস্পন্দ শরীর। এর কিছু ক্ষণ পরে বাবা অভিনেতা রাহুলের শেষকাজ শুরু হয়। বাবার মুখাগ্নি করেছে সহজই। পুরো সময়টা জুড়ে একটা কথাও বলতে দেখা যায়নি তাকে। বিকেল ৫টা ১২ নাগাদ চুল্লিতে ঢোকানো হয় অভিনেতার দেহ। তার পরেই মায়ের সঙ্গে শ্মশান থেকে বেরিয়ে আসে সহজ। তখনও কঠিন নিশ্চুপ ছিল সে।

রাহুলের সঙ্গে পুত্র সহজ।

রাহুলের সঙ্গে পুত্র সহজ। ছবি: সংগৃহীত।

রবিবার সন্ধ্যায় আচমকাই ছড়িয়ে পড়েছিল রাহুলের মৃত্যুর খবর। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। কলকাতায় তখন নিজের ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল-পত্নী প্রিয়াঙ্কা সরকার। খবর পেয়েই প্রথমে রাহুলের মায়ের কাছে ছোটেন তিনি। তখনও ছেলেকে কিছু জানাননি। পরে জানা গিয়েছে, শাশুড়িকে কোনও মতে সামলে ছেলের কাছে যান অভিনেত্রী। তত ক্ষণে চারদিকে প্রশ্ন ঘুরছে সহজ কেমন আছে?

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সহজের কাছে খবরটা দেওয়া যে কতটা কঠিন, তা জানা সত্ত্বেও সবটা স্বাভাবিক ভাবে বুঝিয়ে বলেছিলেন মা প্রিয়াঙ্কা। এ দিকে, খবর ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে অভিনেতার বিজয়গড়ের আবাসনের নীচে ভিড় জমতে শুরু করে। সেখানেই দু’-এক ঝলক দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। কিন্তু ছেলে সহজকে এ সবের আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী।

সোমবার শ্মশানে ছেলেকে নিয়ে পৌঁছোন প্রিয়াঙ্কা। থিকথিকে ভিড়ের মাঝে ছেলেকে আগলে শ্মশানের ভিতরে প্রবেশ করেন তিনি। রাহুলের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে তাঁর অস্থিভস্ম হাতে নিয়ে বার হতে দেখা যায় মা ও ছেলেকে। তাঁদের সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তাঁর গাড়িতেই ওঠেন মা-ছেলে। বাবুঘাটের গঙ্গায় ভাসানো হয় রাহুলের অস্থিভস্ম।

সোমবার অভিনেতার শেষযাত্রায় হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ টলিপাড়ার প্রায় সব তারকা। সেই ভিড়ের মাঝেও অধিকাংশের চোখ আটকে থাকে সদ্য পিতৃহারা কিশোর সহজের দিকে।

Tollywood Actor Priyanka Sarkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy