দু’বছর আগে তাঁকে শেষ বার ধারাবাহিকে দেখেছিল দর্শক। তার পর প্রায় দু’বছর কেটে গিয়েছে। আবার ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। ‘কম্পাস’ ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। গল্পে নতুন মোড় এসেছে।
অনুভবকে শেষ ‘মিলি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেটি যে খুব বেশি সফল হয়েছিল, তা নয়। মাঝের তিন বছর কেন ছোটপর্দা থেকে দূরে ছিলেন অভিনেতা? এত দিনের বিরতি হলে কি কখনও হতাশা গ্রাস করে তাঁকে?
এ প্রসঙ্গে অনুভব বললেন, “না এমন হতাশা কখনও আসেনি আমার। ছোটবেলা থেকে মঞ্চে অভিনয় করছি। হিন্দি থিয়েটারে অভিনয় করেছি আমি। তার পর বাংলা নাটকও করেছি। বিভিন্ন মাধ্যমে কাজের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু তা বলে হতাশা নিয়ে কখনও ভাবিনি।”
আরও পড়ুন:
তবে এর মাঝে অভিনেতা অন্য পরিকল্পনা করে ফেলেছেন। অনুভব জানিয়েছেন, গত তিন বছর ধরে তিনি ছবি পরিচালনায় মন দিয়েছেন। তিনি বলেন, “বড় মাপের ছবি তৈরির কথা ভাবছি। চিত্রনাট্যও প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমিই পরিচালনা করব। এক বিনিয়োগকারী সংস্থার সঙ্গে কথা হয়েছিল, কিন্তু কথা অনেক দূর এগোনোর পরেও তারা পিছিয়ে যায়। তাই কাজ দেরিতে শুরু হচ্ছে।”
অনুভব পরিচালনার কাজে মন দিতে চান বলেই ধারাবাহিকে অভিনয় করবেন না বলে ভেবেছিলেন। তিনি বলেন, “এমন কোনও কাজে যুক্ত হতে চাইনি, যেখানে দিনের পুরো সময়টা দিয়ে যেতে হবে। তা হলে পরিচালনার দিকটা ভাবতেই পারতাম না।”
কিন্তু ‘কম্পাস’ ধারাবাহিকে অভিনয় করতে রাজি হলেন কেন? অভিনেতার কথায়, “এই ধারাবাহিকটা অনেক দিন হল সম্প্রচারিত হচ্ছে। সুশান্তদা (দাস, প্রযোজক) আমার অনেক দিনের পরিচিত। তাই রাজি হলাম। মাঝেও অনেকগুলো ধারাবাহিকের সুযোগ এসেছিল, কিন্তু না করে দিয়েছিলাম।” অভিনেতা সদ্য শেষ করেছেন ‘অচিন্ত্য আইচ’ –এর নতুন সিজ়নের শুটিং।