প্রায় এক বছরের বেশি হয়ে গেল ছোটপর্দায় দেখা যাচ্ছে না অভিনেতা রিজওয়ান রব্বানি শেখকে। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘বধূঁয়া’ ধারাবাহিকে। কেন ছোটপর্দা থেকে দূরে তিনি? ইন্ডাস্ট্রির অন্দরের খবর, অভিনেতা নাকি নতুন ব্যবসা শুরু করছেন। তা হলে কি আর তাঁকে দেখা যাবে না ধারাবাহিকে?
টলিপাড়ার অন্দরে সবাই তাঁকে ‘সানি’ বলেই ডাকেন। অভিনেতার এমনিতেই পারিবারিক ব্যবসা রয়েছে। এ বার নিজে পোশাকের ব্যবসা শুরু করলেন অভিনেতা। রিজওয়ান বললেন, “প্রায় এক বছরের বেশি হয়ে গেল ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। আসলে মাঝের এই কয়েকটা দিন নিজের ব্যবসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছিলাম। পোশাকের একটি নতুন ব্র্যান্ড খুলছি।” ছোট থেকে বাবার ব্যবসা দেখেই অভিনেতা বড় হয়েছেন। ফলে সময়ের সঙ্গে তিনিও সেই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। পারিবারিক ব্যবসা আছে, সেই অর্থনৈতিক চাপের সম্মুখীন হতে হয়নি বলে কি এত দিন ধারাবাহিকে কাজ না করেও চালানো সম্ভব হচ্ছে?
রিজওয়ান বলেন, “হ্যাঁ, এটা সত্যি কথা। আমার সংসার চালানোর চাপ ছিল না বলেই কিছু দিন অভিনয় না করলেও অসুবিধা হয়নি। প্রথমে আমার বাবার আপত্তি ছিল। কেন এই অনিশ্চিত পেশার সঙ্গে যুক্ত হয়েছি, প্রশ্ন করেছিলেন বাবা। তবে মা সব সময় আমাকে বলেছে, যেটা প্রাণ চায় সেটাই যেন করি। নিজের পায়ে দাঁড়াতে হবে এটা সবসময়ই মাথায় ছিল আমার।” ছোটপর্দায় যে আর দেখা যাবে না তেমন নয়। নিজেকে কোনও মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না অভিনেতা। আপাতত এই ব্যবসাটা গোছাতে চান। এ ছাড়াও একটি ওয়েব সিরিজ়ে কাজ করছেন। খুব শীঘ্রই সেটার ঘোষণা হবে।