পশ্চিমবঙ্গ-সহ দুই রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপি তথা এনডিএর বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মঙ্গলবার সংবাদসংস্থা পিটিআই-কে এ কথা জানিয়েছেন।
দেশাই ট্রাম্পের ফোনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘‘প্রেসিডেন্ট টাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদীকে এই সাম্প্রতিক, ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।’’ দেশাই পিটিআই-কে আরও বলেন, ‘‘মাত্র গত মাসে তাঁদের ফোনালাপে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেছিলেন যে ‘ভারত কতটা ভাগ্যবান যে তাঁকে নেতা হিসেবে পেয়েছে’।’’
আরও পড়ুন:
প্রসঙ্গত, সোমবার বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়ে প্রথম বার ক্ষমতা দখল করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে পদ্ম-শিবির। অসমেও টানা তৃতীয় বার জয়ী হয়েছে প্রধানমন্ত্রী মোদীর দল। অন্য দিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সহযোগী দল এনআর কংগ্রেসের ‘জুনিয়র পার্টনার’ হিসাবে দ্বিতীয় বার ক্ষমতা দখল করেছে বিজেপি।