ফেব্রুয়ারিতেই নাকি শেষ হয়ে যাওয়ার কথা ছিল ‘আনন্দী’ ধারাবাহিকের। সে কথা প্রায় সবাই জেনেও গিয়েছিল। এমনকি সেটেও নাকি সবাই সেইমতো প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। তার পরে আচমকাই আসে অন্য খবর। শেষ হচ্ছে না ‘আনন্দী’। বরং গল্পকে সাজানো হচ্ছে নতুন ভাবে। সেখানে নতুন চরিত্রের সংযোজনও হতে পারে।
এমন হঠাৎ সিদ্ধান্ত বদল কেন? সেই বিষয়ে যদিও স্পষ্ট ধারণা মেলেনি। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে অভিনেত্রী অন্বেষার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বললেন, “সবার একটাই প্রশ্ন ছিল যে, এই ধারাবাহিক শেষ হবে কবে? শেষ হওয়ার কথা ছিল তো? আসলে আমরা কেউই সঠিক ভাবে সেটা বলতে পারব না। ধারাবাহিক শেষ হবে কবে? আদৌ কিছু হবে কি না? আমাদের হাতে কিছুই থাকে না। ৪৩৭ পর্বেই হয়তো শেষ হয়ে যেত। শেষ দিনে কোন স্বাদের কেক কাটা হবে, সেটাও ঠিক হয়ে গিয়েছিল। জানতাম, ১৬ ফেব্রুয়ারি আমাদের শেষ দিনের শুটিং হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে ধারাবাহিক।”
আচমকাই সব সিদ্ধান্ত বদলে যায়। অন্বেষা যোগ করেন, “শেষ দিনের আগের দিন, তখনও আমাদের শুটিং চলছে। রাত ৯টার সময়ে একটা মেসেজ এল। যিনি ‘এগ্জ়িকিউটিভ প্রোডিউসার’, তিনি জানালেন ‘আনন্দী’ বন্ধ হচ্ছে না। ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে। আমরা যে ভাবে শুটিং করছি, সেটাই চলবে।” ধারাবাহিক বন্ধ হওয়ার খবর যে, খুব আগে থেকে অভিনেতারা জানতে পারেন, তেমন নয়। বরং শেষ মুহূর্তেই জানতে পারেন তাঁরা। এ ক্ষেত্রে এমন উল্টো কাণ্ড সেটের সবাইকে চমকে দিয়েছে। নায়িকা জানিয়েছেন, আগামী দিনে গল্পে নতুন কী মোড় আসবে, সেই অপেক্ষাতেই রয়েছেন সবাই।