পর্দায় আইটেম গানের সঙ্গে নাচ দেখলে অস্বস্তি হয় শাবানা আজ়মীর। নারী শরীরকে এমন ভাবে দেখানো হয়, তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী।
শাবানা আজ়মী কখনওই ইন্ডাস্ট্রির কোনও বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করতে পিছপা হননি। ফের তিনি বলিউডের নানা সমস্যা নিয়ে মুখ খুলেছেন। তখনই উঠে আসে ‘আইটেম’ গানের প্রসঙ্গ। শাবানার বক্তব্য, “আলাদা আলাদা করে নারী শরীরের অংশ দেখানো হয় পর্দায়। স্তন বা নাভি, শরীরের এই অংশগুলো আলাদা ভাবে বড় করে দেখানো হয়। ক্যামেরা শরীরের চারপাশে যে ভাবে ঘোরে, তা থেকেই বোঝা যায় পরিচালকের উদ্দেশ্য কী। আমার মনে হয়, আইটেম গানে একজন নারীর নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। সে পুরুষের দৃষ্টির কাছে নিজেকে সঁপে দেয়।”
আরও পড়ুন:
এই ভাবেই মহিলারা নিজেদের ‘অবজেক্টিফাই’ করেন বলে দাবি শাবানার। নিজের বক্তব্যকে যৌনতার দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “এ ভাবেই একজন নারী নিজেকে অবজেক্টিফাই করে। গানগুলোর অনেক কথাই আমাকে খুব অস্বস্তিতে ফেলে। অনেক নারী বলেন, ‘পুরুষেরা যদি সব করতে পারে, তা হলে আমরা কেন পারব না?’ কিন্তু যদি পুরুষেরা নিজেদের অবজেক্টিফাই করতেও রাজি থাকে, আপনিও সেটা করবেন? এটা নিয়ে আমার বড় সমস্যা আছে।”
শাবানা এ প্রসঙ্গে আরও জানান, সমাজ এই বিষয়টাকে কী ভাবে দেখে, সেটাও তাঁকে ভাবায়। কারণ, অনেক সময় কোনও অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা “চোলি কে পিছে কেয়া হ্যায়”-এর মতো গান গায় এবং সবাই হাসে। কেউ গানের কথার দিকে খেয়াল করে না, শুধুই মজা পায়।