গত দু’বছর ধরে বেশির ভাগ সময়েই অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী সুস্মিতা দে-কে। ‘কথা’ ধারাবাহিকের মাধ্যমে তাঁদের পথচলা শুরু। তার পরে তাঁরা জুটি বেঁধে মঞ্চেও অভিনয় করেছেন। এ বার ওয়েব সিরিজ়ে অভিনয়ে সেই জুটির পথ গিয়েছে বেঁকে। সিকিমে শুটিং করতে গিয়েছিলেন তাঁরা। সেখানেও কি গিয়েছিলেন সাহেব?
সুস্মিতার স্পষ্ট উত্তর, “না, একেবারেই যায়নি। কমফোর্ট জ়োন থেকে বার হওয়ার ট্রেনিং আমাকে সাহেবই দিয়েছে। ফলে ও কেন যাবে? সিকিমে আমাদের চার-পাঁচ দিনের শুটিং ছিল। সেটা খুবই উপভোগ করেছি। একটা অন্য রকমের অভিজ্ঞতা।”
ওয়েব সিরিজ় নিয়ে কথা বলতে নারাজ অভিনেত্রী। তবে সিরিজ়ের শুটিং করতে গিয়ে তাঁর অভিনেত্রীসত্তার অনেক পরিবর্তন হয়েছে। সে কথাই জানিয়েছেন তিনি। সুস্মিতা বলেন, “মঞ্চে এবং ধারাবাহিকে অভিনয়ের ধরন একেবারে আলাদা সিরিজ়ের থেকে। অনেক উচ্চস্বরে এবং চড়া ভাবে সংলাপ বলতে হয়। কিন্তু সেখানে সিরিজ়ের ধরনটাই উল্টো।”
এই শুটিংয়ের ফাঁকে নতুন বন্ধু পেয়েছেন সুস্মিতা। এমনিতে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা সকলের জানা। এ বার নতুন কাজের মাধ্যমে অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গেও বন্ধুত্ব তৈরি হয়েছে তাঁর। সুস্মিতা জানিয়েছেন, জীবনে আরও একজন বন্ধু পেয়েছেন তিনি। অঙ্গনার সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে তাঁর।