Advertisement
E-Paper

ফ্লোরে উঠল বহু প্রতীক্ষিত ছবি, ‘পুষ্পা রাজ’ হয়ে নিজের সেরাটুকু দিতে চান অর্জুন

রাশিয়ান সিনেম্যাটোগ্রাফারের কাছে মন দিয়ে কাজ বুঝছেন ‘পুষ্পা রাজ’ অল্লু অর্জুন। সে ছবি ভাইরাল হতেই বোঝা গেল ফ্লোরে উঠেছে ‘পুষ্পা: দ্য রুল’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৫:৫০
নিজেকে প্রমাণ করার দ্বিতীয় সুযোগ অর্জুনের

নিজেকে প্রমাণ করার দ্বিতীয় সুযোগ অর্জুনের ছবি:ইনস্টাগ্রাম

প্রতীক্ষার অবসান। অবশেষে কাজ শুরু হল ‘পুষ্পা: দ্য রুল’-এর। নায়ক অল্লু অর্জুনকে কোনও দৃশ্য বোঝাচ্ছেন চিত্রগ্রাহক মিরোস্লাভ কুবা ব্রোজ়েক, সেই ছবি ঘুরছে নেটদুনিয়ায়। জানা যাচ্ছে, রবিবারই ফ্লোরে উঠল ‘পুষ্পা’-র সিক্যুয়েল।

গত মাসেই প্রযোজক নবীন ইয়ারনেনি জানিয়েছিলেন, অক্টোবরের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে শুটিং শুরু হবে হায়দরাবাদ থেকে। তার পর জঙ্গলে যাওয়া। তার পর অন্যান্য জায়গায়। সেই মতো শুরুটা হয়ে গেল ‘পুষ্পা: দ্য রুল’-এর।

সুকুমার পরিচালিত এই ছবিতেও পুষ্পা রাজের ভূমিকায় অর্জুন। পুলিশের নাকের ডগা দিয়ে জঙ্গলের রক্তচন্দন কাঠ পাচার করে চলেছিল যে দস্যু, এ বারও সেই চরিত্রেই অভিনেতা। তাঁর প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে পুনরুজ্জীবিত হচ্ছেন রশ্মিকা। আর পুলিশ অফিসার? তার উর্দি পরবেন ফহাদ ফাসিল। যে চরিত্রে নাকি অর্জুন কপূরকে দেখা যাওয়ার আশায় বসেছিলেন দর্শক। কিন্তু তেমনটা যে হবে না, স্পষ্ট করে দিয়েছিলেন ‘পুষ্পা’ সদস্যরা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বললেন, “বেশ ফুরফুরে লাগছে। উত্তেজনা টের পাচ্ছি ভিতরে ভিতরে। কারণ, ‘পুষ্পা ২’ আসছে। প্রথম পর্বের পর এক চমকপ্রদ সুযোগ, যেখানে নিজেদের সেরাটুকু দেওয়া যাবে।”

২০২১ সালের ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মুক্তির পর দর্শকের উন্মাদনা দেখে দ্বিতীয় পর্ব নির্মাণের কথা ভেবেছিলেন প্রযোজক গোষ্ঠী। নবীন ইয়ারনেনি নিশ্চিত ভাবে জানিয়েছেন, সুকুমারের পরবর্তী ছবির কাজ শীঘ্রই শুরু হবে। সেই কাজ শুরু হতে একটু দেরিই হল। তবে দেখা যাচ্ছে, ছবি নিয়ে কলাকুশলীদের আগ্রহ দর্শকের থেকে বেশিই। রাশিয়ান চিত্রগ্রাহকের কথা মন দিয়ে শুনতে দেখা গেল অর্জুনকে। সে ছবি মনে ধরেছে অনুরাগীদেরও।

গত বছর মুক্তি পাওয়া ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ অতিমারি আবহে সবচেয়ে বেশি আয় করেছিল। বিশ্ব জুড়ে এ ছবির বক্স অফিস সংগ্রহে এসেছিল ৩০০ কোটি টাকা। তেলুগু ভাষাতেই তৈরি হয়েছিল মূল ছবিটি। তার পর দেশ জুড়ে হিন্দি, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় বিভিন্ন প্রেক্ষাগৃহে বহু দিন ধরে চলেছিল।

Pushpa 2 : The Rule Allu Arjun
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy