Advertisement
E-Paper

সলমন, অক্ষয়দের হারিয়ে এক লাফে তিনে অল্লু অর্জুন! ‘পুষ্পা ২’-এর জন্য কত টাকা নিয়েছেন দক্ষিণী অভিনেতা?

‘পুষ্পা’-র প্রথম পর্বের পর দর্শকদের মধ্যে অল্লু অর্জুনকে নিয়ে যে উন্মাদনা দেখা গিয়েছে, তাতেই আন্দাজ করা গিয়েছিল, আগামী ছবিতে তাঁর দর বাড়বে। হয়েছেও তাই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৪
সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় তৃতীয় অল্লু অর্জুন।

সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় তৃতীয় অল্লু অর্জুন। —ফাইল ছবি

‘পুষ্পা ২’-এর জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন অল্লু অর্জুন। আর তাতেই দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। পিছনে ফেলে দিয়েছেন সলমন খান এবং অক্ষয় কুমারকে।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পর খ্যাতির শীর্ষে উঠে এসেছেন অল্লু অর্জুন। ছবিটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শকরা। ২০২৪ সালে ‘পুষ্পা’-র দ্বিতীয় পর্ব মুক্তি পাবে বলে খবর। শীঘ্রই শুরু হবে তার শ্যুটিং। ‘পুষ্পা’-র প্রথম পর্বের পর দর্শকদের মধ্যে অল্লু অর্জুনকে নিয়ে যে উন্মাদনা দেখা গিয়েছে, তাতেই আন্দাজ করা গিয়েছিল, আগামী ছবিতে তাঁর দর বাড়বে অনেকখানি। হয়েছেও তাই। শোনা যাচ্ছে, ‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য ১২৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অল্লু।

সূত্র মারফত জানা গিয়েছে, ‘পুষ্পা’-র দ্বিতীয় পর্বের মোট বাজেট ৪৫০ কোটি। তার মধ্যে ১২৫ কোটি ইতিমধ্যে পকেটে পুরে ফেলেছেন ছবির নায়ক। প্রযোজকরাও এ ক্ষেত্রে বিশেষ কার্পণ্য করেননি। এর ফলেই অক্ষয় কুমার এবং সলমন খানদের পিছনে ফেলে দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘পুষ্পা’। সূত্রের খবর, সলমন খান তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর জন্য এই একই পারিশ্রমিক নিয়েছেন।

‘পুষ্পা: দ্য রুল’-এ অল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। নতুন পর্বে নতুন চমক হিসাবে থাকতে পারেন দক্ষিণের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সূত্রের খবর, তাঁর সঙ্গে কথা বলেছেন পরিচালক সুকুমার। সম্প্রতি ‘গুড বাই’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও ‘পুষ্পা’-র পরবর্তী পর্ব নিয়ে মুখ খুলেছেন রশ্মিকা। জানিয়েছেন, দিন দু’য়েকের মধ্যেই শ্যুটিংয়ের কাজ শুরু করবেন তাঁরা। ২০২৪-এর মকর সংক্রান্তিতে বহুপ্রতীক্ষিত এই ছবি মুক্তি পেতে পারে, যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

Allu Arjun Pushpa: The Rise Pushpa 2 : The Rule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy