Advertisement
E-Paper

প্রেমের ষোলো আনাই ফাঁকি! ‘সম্পর্ক’ বিক্রি করে বলিউডে জমি শক্ত করতে চাইছেন আদিত্য-অনন্যা?

তাঁদের প্রেমের গুঞ্জনে এখন হাবুডুবু বলিউড। শুধু জল্পনাই নয়, সম্প্রতি বিদেশের রাস্তায় দেখা গিয়েছে সেই প্রেমের ঝলকও। তবে সেই প্রেমের নেপথ্যে কি রয়েছে অন্য অভিসন্ধি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ২০:৩২
Aditya Roy Kapur and Ananya Panday.

আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত।

চুটিয়ে প্রেম করছেন তাঁরা। বলিপাড়ার সব থেকে হাতেগরম খবর এখন এটাই। বলিউড অভিনেতা আদিত্য রায় কপূর এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডে। দীর্ঘ দিন ধরেই বলিউডের অন্দরে শোনা যাচ্ছিল তাঁদের প্রেমের গুঞ্জন। সম্প্রতি সেই জল্পনায় এক প্রকার সিলমোহরও পড়েছে। দেশের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ফ্যাশন শোয়ে এক সঙ্গে র‌্যাম্প মাতিয়েছিলেন আদিত্য এবং অনন্যা। তখনও দর্শক ও অনুরাগীদের নজরে পড়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন। সম্প্রতি বিদেশের মাটিতেও ধরা পড়েছে তাঁদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচেকানাচে একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছেন আদিত্য এবং অনন্যা। অনুরাগী এবং ছবিশিকারিদের ক্যামেরাকে পাত্তা না দিয়ে খুল্লম খুল্লা প্রেম করেছেন চর্চিত যুগল। তবে কি এত দিনের প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন আদিত্য এবং অনন্যা? না কি প্রেমের এই খেলা আদতে অনুরাগীদের কাছে আরও প্রাসঙ্গিক ও প্রিয় হয়ে ওঠার কৌশল?

বড় পর্দায় তেমন ভাবে দাগ কাটতে না পারলেও প্রথম ওয়েব সিরিজ়েই নজর কেড়েছেন আদিত্য। ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ়ে তাঁর কাজ প্রশংসা পেয়েছে দর্শক ও সমালোচকদের। বলিউডে অভিষেকের প্রায় এক দশক পরে জমি খুঁজে পেয়েছেন অভিনেতা। অন্য দিকে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার পরে ‘লাইগার’, ‘গেহরাইয়াঁ’র মতো ছবিতে একেবারেই দাগ কাটতে পারেননি অনন্যা। খবর, আদিত্য এবং অনন্যার প্রেমের এই সম্পর্ককে তাঁদের কর্মজীবনের উন্নতির দিকে কাজে লাগাতে চাইছে তাঁদের ট্যালেন্ট সংস্থা। কর্ণ জোহরের ‘ধর্ম কর্নারস্টোন এজেন্সি’র সঙ্গে চুক্তিবদ্ধ অনন্যা। সেই একই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন আদিত্যও। শোনা যাচ্ছে, আদিত্য এবং অনন্যাকে জুটি হিসাবে বিভিন্ন সংস্থার কাছে তুলে ধরতে চাইছেন ট্যালেন্ট সংস্থার কর্তারা। বলিউডে দীপিকা-রণবীর বা আলিয়া-রণবীর এই মুহূর্তে একটি ভরসাযোগ্য ‘ব্র্যান্ড’। আদিত্য এবং অনন্যার ক্ষেত্রেও নাকি সেই রাস্তাতেই হাঁটতে চাইছে সংস্থা।

এ দিকে এই মুহূর্তে ব্যক্তিগত সময় উপভোগ করতে ব্যস্ত আদিত্য এবং অনন্যা। স্পেনের কনসার্ট উপভোগ করার পরে এ বার পর্তুগালের সময় কাটাচ্ছেন বলিউডের এই চর্চিত জুটি। কোনও তারকাসুলভ জৌলুস নেই, একেবারে সাদামাঠা সাজপোশাকে একে অপরের সঙ্গে বিদেশের মাটিতে ঘুরছেন তাঁরা। ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে তাঁদের একাধিক ছবি ও ভিডিয়ো।

Aditya Roy Kapur Ananya Panday Bollywood Couple Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy