Advertisement
E-Paper

রাজ কুন্দ্রার পর্নকাণ্ড এ বার বড় পর্দায়, নিজের ভূমিকাতেই অভিনয়ে অভিষেক শিল্পার স্বামীর?

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রার। এ বার বড় পর্দায় দেখা যেতে চলেছে সেই পর্নকাণ্ড। তৈরি হচ্ছে রাজ কুন্দ্রার বায়োপিক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৯:১১
Shilpa Shetty and Raj Kundra.

অভিনেত্রী শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত।

পেশায় ব্যবসায়ী ও শিল্পপতি তিনি। তবে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী হিসাবেই বেশি পরিচিত রাজ কুন্দ্রা। বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় তাঁর। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় তাঁর। যদিও পরে জামিন পান রাজ। জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। এ বার সিনেমার পর্দায় সেই অধ্যায় তুলে ধরার পরিকল্পনা তাঁর। তৈরি হতে চলেছে রাজের জীবনীচিত্র। সেই বায়োপিকেই থাকছে রাজের জীবনের ওই কঠিন অধ্যায়। খবর, নিজের জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই। শো‌না যাচ্ছে, এই ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শিল্পার স্বামী।

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় শিল্পী শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। অভিযোগের ভিত্তিতে ওই বছরই হাজতবাসও হয় তাঁর। প্রায় দু’মাস জেলে কাটানোর পর ছাড়া পান রাজ। মুম্বইয়ের আর্থার রোড জেলে ৬৩ দিন কাটিয়েছিলেন রাজ। খবর, নিজের জীবনীচিত্রে ওই ৬৩ দিনকেই সব থেকে বেশি প্রাধান্য দিতে চলেছেন তিনি। রাজের এই বায়োপিক কে পরিচালনা করবেন, তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, সৃজনশীল দিক থেকে ছবির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত থাকবেন রাজ নিজে। অভিনয় তো করবেনই, পাশাপাশি প্রোডাকশনের কাজের দিকে মন দেবেন শিল্পার স্বামী।

খবর, ছবির চিত্রনাট্য সঠিক ভাবে লেখার উপরেই সব থেকে বেশি জোর দিচ্ছেন রাজ। রাজের জেলে যাওয়া, সেখানে ৬৩ দিন অতিবাহিত করা থেকে শুরু করে জামিন পাওয়া পর্যন্ত সবটুকুই নিজের বায়োপিকে তুলে ধরতে চান তিনি। কানাঘুষো, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই শুরু হবে ছবির শুটিং।

Shilpa Shetty Raj Kundra Bollywood Couple Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy