ইনস্টাগ্রামে ‘লাইভ’ করতে করতেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘বিগ বস্’ খ্যাত অনুরাগ ডোভালকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সুস্থ হয়ে উঠেছেন তিনি। যদিও সময়টা তাঁর একেবারেই ভাল যায়নি। একসময় প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল বাইকের সংগ্রহ তৈরি করেছিলেন। আর্থিক সঙ্কটের কারণে সেই সংগ্রহ বিক্রি করতে বাধ্য হয়েছেন।
সম্প্রতি নিজের ভ্লগে প্রায় ফাঁকা হয়ে যাওয়া সেই ‘ড্রিম গ্যারেজ’-এর ভিডিয়োই তুলে ধরেন অনুরাগ। সেখানে দাঁড়িয়ে বলেন, “যে সাম্রাজ্য তৈরি করেছিলাম, আজ তা প্রায় খালি। গত বছর আমাদের অধিকাংশ বাইক বিক্রি করে দিতে হয়েছে। এখন মাত্র দুটি বাইক বাকি আছে। প্রতিদিন আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছিল, টাকার খুব প্রয়োজন ছিল তখন। সেই সময়টা কী ভাবে কাটিয়েছি, শুধু আমিই জানি।” তিনি আরও জানান, গ্যারেজটিও তাঁর নিজের নামে ছিল না। ফলে বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
বর্তমানে দেহরাদূনে থাকার জন্য নতুন জায়গা খুঁজছেন অনুরাগ। একই সঙ্গে ধীরে ধীরে নিজের জীবন ও কেরিয়ার নতুন করে গড়ে তোলার চেষ্টাও করছেন। গ্যারেজ ছেড়ে যাওয়ার মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “সবকিছু আবার নতুন করে তৈরি করার চেষ্টা করব।”
মার্চ মাসে একটি ইনস্টাগ্রাম লাইভের পর তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। যদিও সেই সময়ে তাঁর স্ত্রী ঋতিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন বলে জল্পনা ছড়িয়েছিল। পরে অবশ্য তাঁকে হাসপাতালে অনুরাগের পাশেই দেখা যায়। এর কিছু দিন পরেই, ২৭ মার্চ তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়।