ক্রিকেটপাগল বাঙালির প্রতীক্ষা দু’টি ছবিকে ঘিরেই। পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনচিত্রের কাজ। কিন্তু শুটিং শেষ হয়ে গিয়েও গত চার বছর ধরে ক্যামেরাবন্দি হয়ে পড়ে আছে আর একটি ছবি। সেটি হল দেশের প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর উপর তৈরি জীবনীচিত্র। এই ছবি দিয়েই অনুষ্কা শর্মার ছবিতে ফেরার কথা ছিল। কিন্তু সেই ছবির নাকি দিনের আলোর মুখ দেখার সম্ভাবনাই প্রায় নেই।
আরও পড়ুন:
কয়েক বছর আগে প্রযোজনা সংস্থা (ক্লিন স্লেট ফিল্মস) থেকে নিজেকে সরিয়ে নেন অনুষ্কা। অভিনেত্রী তাঁর ভাই কর্ণেশ শর্মার সঙ্গে যৌথ ভাবে এই প্রযোজনা সংস্থাটি গড়ে তোলেন। কিন্তু, কিছু কারণবশত অনুষ্কা নিজেকে সেখান থেকে সরিয়ে নেন। কিন্তু তার পরেও ছবিমুক্তি নিয়ে কোনও সমস্যা হয়নি। কিন্তু শোনা যাচ্ছে, সম্প্রতি নেটফ্লিক্সের সঙ্গে কর্ণেশের চুক্তি শেষ হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে নাকি কিছু মতপার্থক্যের কারণেই নাকি সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরে এসেছেন কর্ণেশ।
২০২৩ সালে প্রকাশ্যে এসেছিল ঝুলনের চরিত্রে অনুষ্কার ফার্স্ট লুক। জানানো হয়েছিল, ছবিটি ওটিটিতেই মুক্তি পাবে। কিন্তু এখন ছবির ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। ‘আফগানি স্নো’ নামে অনুষ্কার ভাই কর্ণেশ শর্মার আরও একটি প্রজেক্টের অন্যতম প্রযোজক নেটফ্লিক্স। এই প্রজেক্টে রয়েছেন বিজয় বর্মা ও তৃপ্তি ডিমরি। কিন্তু চুক্তি শেষ হয়ে যাওয়ায় এখন সমস্যায় পড়েছেন কর্ণেশ। এ রকমও শোনা যাচ্ছে যে, ওই ওটিটি প্ল্যাটফর্মের কাছ থেকে নতুন করে ছবিগুলি কিনে নিতে পারেন কর্ণেশ। তার পর তিনি অন্য মাধ্যমগুলির সঙ্গে ছবির মুক্তি নিয়ে আলোচনায় বসবেন।
ছবির পরিচালক প্রসিত রায় এই ছবির ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন, ‘‘আজও, যে সব হাতেগোনা লোক এই ছবিটি দেখেছিলেন, তাঁরা আমাকে বলেছেন, ছবিটি তাঁদের মনে কতটা গেঁথে গেছে। এটাই আসলে দুর্ভাগ্য— যাঁদের জন্য ছবিটি তৈরি করা হয়েছিল, তাঁদের কাছে এটি পৌঁছোতে পারেনি। আমরা এই ছবিটিতে আমাদের সর্বস্ব দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, প্রাপ্য সুযোগ পেল না এটি।’’