সম্প্রতি খবর ছড়ায় বিয়ে করছেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টী। বেশ কয়েক বছর আগে প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল অনুষ্কা শেট্টীর। এমনকি, দু’জনের বিয়ের কথাও শোনা গিয়েছিল। কিন্তু এ বার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। খবর ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন অনুষ্কার সহযোগী দল।
বিভিন্ন সংবাদমাধ্যমে অনুষ্কার বিয়ের খবর ছড়ায়। শোনা যায়, পাত্র ও পাত্রী দুই পরিবারের ঘনিষ্ঠতা অনেক বছরের। দুই পক্ষ এক হয়ে বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চলেছে। আর তাতে নাকি আপত্তি জানাননি অনুষ্কা। কারণ, তাঁর প্রকৃত প্রেম নাকি এই ব্যবসায়ীর সঙ্গেই!
অনুষ্কার সহযোগী দল এই প্রসঙ্গে বলেছে, “কারও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটা আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন।” জল্পনা করে সবটা লেখা মোটেই ঠিক নয়, এমনই বক্তব্য অনুষ্কার তরফ থেকে। তারা বিবৃতিতে আরও লেখে, “সঠিক তথ্য ও গুজবের মধ্যে তফাত রয়েছে। সেই তফাত এখন সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়।”
অনুষ্কার বয়স নিয়েও ক্ষোভ উগরে দিয়েছে সহযোগী দল। তাঁদের তরফ থেকে লেখা হয়, “বার বার ওর বয়স ৪৪ বছরটাকে বড় করে দেখানো হচ্ছে। বার বার ওর বয়স উল্লেখ করে কী বোঝাতে চাওয়া হচ্ছে? যেন ৪৪ বছর বয়সে বিয়ে করা কোনও বিতর্কিত বিষয়। বয়স যদি এত বড় বিষয়ই হয়ে থাকে, তা হলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে চুপ থাকেন কেন? মহিলাদের ক্ষেত্রে আপনাদের বিচার সব সময়ে ভিন্ন কেন?” এখানেই শেষ নয়। ক্ষোভ উগরে দিয়ে তারা লিখেছে, “বিয়ে খুবই ব্যক্তিগত একটা বিষয়। কিছু গণ্ডি আপনারা মেনে চলুন, এমন তথ্য ছড়ানোর আগে। সবচেয়ে বড় কথা পুরুষ অভিনেতাদের যে সম্মান দেন, সেটাই মহিলাদেরও দিন।”
উল্লেখ্য, এ-ও শোনা গিয়েছিল যে, দুই পরিবার এক হয়ে গোপনে বিয়েটা দিতে চান। একদম ঘরোয়া পরিবেশে, ঘনিষ্ঠদের উপস্থিতিতে চার হাত এক হতে চলেছে। যদিও বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। তবে বিয়ে সংক্রান্ত আলাপ-আলোচনা নাকি দুই পক্ষের মধ্যেই চলছে।