Advertisement
E-Paper

‘অরিজিৎ যে মাত্রার গায়ক, আমি ওকে কাজের কথা বলবই না’, কেন লোপামুদ্রার অনুষ্ঠানে গেলেন গায়ক?

গায়িকার সঙ্গে সুসম্পর্ক অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েলের। তবে লোপামুদ্রা জানান, জন্মদিন নয়, তাঁদের অনুষ্ঠান ‘সহজ পরব’ দেখার জন্যই এই দিন হাজির হন অরিজিৎ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬
লোপামুদ্রার অনুষ্ঠানে অরিজিৎ।

লোপামুদ্রার অনুষ্ঠানে অরিজিৎ। ছবি: সংগৃহীত।

রবিবার অনুষ্কাশঙ্করের অনুষ্ঠানে অরিজিৎ সিংহের উপস্থিতি চমকে দিয়েছিল শ্রোতাদের। সেই অনুষ্ঠান থেকে অরিজিৎ সোজা চলে গিয়েছিলেন কলকাতা শহরের আরও একটি অনুষ্ঠানে।

রবিবার লোপামুদ্রা মিত্রের জন্মদিন ছিল। গায়িকার সঙ্গে সুসম্পর্ক অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েলের। তবে লোপামুদ্রা জানান, জন্মদিন নয়। তাঁদের অনুষ্ঠান ‘সহজ পরব’ দেখার জন্যই এই দিন হাজির হন অরিজিৎ। তিন দিন ধরে এই অনুষ্ঠান চলেছে। অরিজিতের ইচ্ছা ছিল, এই অনুষ্ঠান সামনে থেকে দেখার। বহু বছর ধরেই লোকশিল্পীদের নিয়ে হওয়া এই অনুষ্ঠানের বিষয়ে অবহিত অরিজিৎ। সেই টানেই ছুটে এসেছিলেন তিনি। লোপামুদ্রার কথায়, “সবাই বলছেন আমার জন্মদিনের জন্য ও এসেছে। কিন্তু ও ‘সহজ পরব’-এর জন্য এসেছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে আসায় ও অনুষ্ঠানটা দেখতে পারেনি। তখন আমাদের অনুষ্ঠানের সদস্যেরা আমার জন্মদিনের জন্য মঞ্চ সাজিয়েছেন। সেই সময়েই অরিজিৎ এসেছে। তাই বিষয়টা অন্যরকম হয়ে গিয়েছে।”

ভবিষ্যতে কি অরিজিতের সঙ্গে কোনও কাজের পরিকল্পনা রয়েছে? লোকগীতির এই অনুষ্ঠানেও কি অরিজিৎকে ভবিষ্যতে দেখা যাবে? প্রশ্ন করতেই লোপামুদ্রার স্পষ্ট বক্তব্য, “এমন কোনও কথাই আমাদের হয়নি। আমার সঙ্গে অরিজিতের কাজের সম্পর্কই নয়। খুব ব্যক্তিগত একটা সম্পর্ক। একদম দিদি-ভাইয়ের সম্পর্ক।”

অরিজিতের সুরের মূর্ছনায় ভাসেন আবিশ্ব শ্রোতারা। কিন্তু প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতে ভালবাসেন তিনি। লোপামুদ্রার কথায়, “সত্যিই ও মাটির মানুষ। না হলে কেউ অনুষ্কাশঙ্করের সঙ্গে অনুষ্ঠান করে, সেখান থেকে ‘সহজ পরব’ দেখতে আসেন? ও মানুষকে সম্মান দিতে জানে। সেটা সত্যিই বড় ব্যাপার।”

জন্মদিনের আসরে ‘দিদি’কে গানও শুনিয়েছেন অরিজিৎ। লোপামুদ্রার কথায়, “যে গান আমিও গাই না, সেটা ও গেয়ে শুনিয়েছে। ‘ঢেউ কুচ কুচ’ নামে আমার একটি হিট না হওয়া গান রয়েছে। সেটা অরিজিৎ সিংহ গেয়ে শুনিয়েছে। ও নিজেই বলেছে, ‘তোমার আর জয়দার (জয় সরকার) সব গান শুনেছি।’ ও তো আমাদের ভালবাসেই। ওর বউ কোয়েলও খুব ভালবাসে আমাদের।”

অরিজিতের চেয়েও তাঁর স্ত্রী কোয়েলের সঙ্গে সম্পর্ক বেশি নিবিড় লোপামুদ্রার, জানান সে কথা। তাঁর কথায়, “ও খুবই ভাল মানুষ। সাধারণ বাঙালি ঘরের মেয়ে যেমন হয়, ও তেমনই। অরিজিতের মতোই।” তবে কি জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে ঘুরে এসেছেন লোপামুদ্রা ও জয়? প্রশ্ন শুনেই গায়িকা জানান, তিনি এই বিষয়টি নিয়ে কিছু বলতে চান না। তিনি বলেন, “কিছু বিষয় সত্যিই ব্যক্তিগত রাখতে চাই। আমি বেশ ভয়ে ছিলাম, অরিজিৎ এলে মানুষজন কী ভাবে সামাল দেব! অরিজিতের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। কাজের বিষয়ে পরে দেখা যাবে।”

অরিজিতের সঙ্গে কাজ নিয়ে জোট বাঁধা প্রসঙ্গে তিনি বলেন, “অরিজিতের সঙ্গে আমার কাজের কোনও সম্পর্ক হতেই পারে না। কাজ নিয়ে কোনও কথাও হতে পারে না। অরিজিৎ যে মাত্রার গায়ক, লোপামুদ্রা তাঁকে ভুলেও বলবে না, ‘চলো, একসঙ্গে কাজ করি।’ ও যে ‘সহজ পরব’-এর মতো অনুষ্ঠান নিয়ে আগ্রহ রাখে, এটাই অনেক। সেখান থেকে ও আমাকে সম্মান করে। তবে এই সম্পর্কটা গানবাজনার বাইরে। তবে ওকে বলেছি, ‘জিয়াগঞ্জে এক বার ‘সহজ পরব’ করব’। এর চেয়ে বেশি কাজ নিয়ে কোনও কথাই হয়নি।”

Lopamudra Mitra Arijit Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy