E-Paper

পার্ক সার্কাস স্টেশনেও রাতে নামল বুলডোজ়ার

রেলের অভিযোগ, বেআইনি ভাবে তাদের জমি দখল করে দখল করে রাখা হয়েছিল। জমি ফাঁকা করে দিতে বলে রেলের তরফে নোটিস দেওয়া হয়েছিল। তাতে কেউ সাড়া দেয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৫:৫৪
পার্ক সার্কাস স্টেশনে অবৈধ দখল উচ্ছেদে নেমেছে বুলডোজ়ার। শনিবার গভীর রাতে।

পার্ক সার্কাস স্টেশনে অবৈধ দখল উচ্ছেদে নেমেছে বুলডোজ়ার। শনিবার গভীর রাতে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

হাওড়া, শিয়ালদহ, দমদম, যাদবপুরের পরে এ বার পার্ক সার্কাস স্টেশন। শনিবার মধ্যরাতে আরও এক বার বুলডোজ়ার নামিয়ে স্টেশন চত্বর থেকে হকার উচ্ছেদ করল রেল। গুঁড়িয়ে দেওয়া হল প্ল্যাটফর্মে থাকা একের পর এক দোকান।

রেলের অভিযোগ, বেআইনি ভাবে তাদের জমি দখল করে দখল করে রাখা হয়েছিল। জমি ফাঁকা করে দিতে বলে রেলের তরফে নোটিস দেওয়া হয়েছিল। তাতে কেউ সাড়া দেয়নি। ফলে ‘বেআইনি’ হকার উচ্ছেদে বুলডোজ়ার নামাতে হয়েছে। শনিবার রাতে উচ্ছেদ অভিযানের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকা ঘিরে ফেলে বিরাট পুলিশবাহিনী। ছিল আরপিএফ-ও। বুলডোজ়ারের পাশাপাশি শাবল-গাঁইতি দিয়েও দোকান ভাঙতে দেখা যায় রেলের লোকেদের। রেলের দাবি, উচ্ছেদের আগে মাইকে ঘোষণা করা হয়েছে।

এ দিনের উচ্ছেদ অভিযানে স্টেশনের বহু গুমটি দোকান ভাঙা পড়ে। প্ল্যাটফর্মে মশলামুড়ির দোকান ছিল কালু বিবির। লাইনের ও-পারে দাঁড়িয়ে দোকান ভাঙার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, ‘‘আমার স্বামী নেই, দু’টি মেয়ে আছে। আমার কী করে চলবে জানি না।’’ প্ল্যাটফর্মে ইজাজ শাগিরের দোকান ছিল ঘুগনি-পরোটার। সেই দোকানও ভাঙা পড়েছে। ইজাজের দাবি, রেল নোটিস দিলেও ২৯ জুন অবধি তাঁদের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পূর্ণ হওয়ার আগেই দোকান ভেঙে দেওয়া হয়েছে। কী করে সংসার চলবে, জানেন না ইজাজ। তিনি জানান, এ ভাবে দোকান ভাঙার প্রতিবাদ জানাতে গেলে লাঠি উঁচিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

শনিবার রাত ২টো নাগাদ ঘটনাস্থলে দাঁড়িয়ে দেখা যায়, তখনও দোকান ভাঙা হচ্ছে। প্ল্যাটফর্মে ছত্রাকার হয়ে পড়ে রয়েছে ভাঙা দোকানের ইট-কাঠ, নানা সামগ্রী, জলের বোতল। বুলডোজ়ারও রয়েছে। লাইনের ও-পারে কিছু কিছু লোক দাঁড়িয়ে রয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। তবে তেমন কোনও প্রতিবাদ-বিক্ষোভ হয়নি শনিবার রাতে। শেষ পর্যন্ত প্ল্যাটফর্ম থেকে ভাঙা দোকানগুলির ধ্বংসাবশেষ উঠিয়ে তোলা হয় চারদিক খোলা মালগাড়ির বগিতে। এলাকার বহুতলগুলির জানলায় দাঁড়িয়ে রাত জেগে অনেকে দেখছিলেন এই সব দৃশ্য!

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bulldozer park circus area

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy