Advertisement
E-Paper

স্বামী রাহুলের মৃত্যুর বিচার চেয়ে থানায় প্রিয়াঙ্কা! এফআইআর দায়ের করতে গেলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণারা

লীনা গঙ্গোপাধ্যায়ের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে রিজেন্ট পার্ক থানা। এ বার স্বামী রাহুলের মৃত্যুতে লিখিত অভিযোগ দায়ের প্রিয়াঙ্কা সরকারের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৪:৫৪
রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কা ও আর্টিস্ট ফোরামের সদস্যরা।

রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কা ও আর্টিস্ট ফোরামের সদস্যরা। ছবি: সংগৃহীত।

শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের তরফ থেকে জানানো হয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিচার চেয়ে এফআইআর করা হবে। সেই মতো, শনিবার দুপুর আড়াইটে নাগাদ রিজেন্ট পার্ক থানায় পৌঁছোলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ একাধিক তারকা। অভিযোগ দায়ের করা হবে ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এ দিন থানায় উপস্থিত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।

রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে আর্টিস ফোরামের সদস্যেরা।

রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে আর্টিস ফোরামের সদস্যেরা। নিজস্ব চিত্র।

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতার। পুলিশ সূত্রে খবর, সমুদ্রের জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সেখান থেকেই জানা যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। তার পরেই রাহুলের মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। আঙুল উঠেছে প্রযোজনা সংস্থার দিকে।

থানায় অভিযোগ করতে পৌঁছোন প্রিয়াঙ্কা সরকার।

থানায় অভিযোগ করতে পৌঁছোন প্রিয়াঙ্কা সরকার। নিজস্ব চিত্র।

রাহুলের এই আকস্মিক মৃত্যু নিয়ে দিনকয়েক আগেই লীনা ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে আইনি চিঠি পাঠায় আর্টিস্ট ফোরাম। কিন্তু যথাযথ উত্তর না মেলায় শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায় আইনি পদক্ষেপের কথা জানান। রাহুলের মৃত্যু নিয়ে তোলপাড় টলিউড। এ দিকে আর্টিস্ট ফোরাম কেন নিশ্চুপ তা নিয়েও প্রশ্ন উঠেছিল। শুক্রবার প্রসেনজিৎ বলেন, ‘‘আমরাও আঘাত পেয়েছি। আমাদের মেনে নিতে সময় লাগছে যে, রাহুল আর আমাদের মধ্যে নেই। আপনাদের মতো আমরাও উত্তর খুঁজচ্ছি। কী হয়েছিল? আইনি পরামর্শ নিয়েই সব কাজ এগোচ্ছে। তাই তিন দিন সময় লেগে গেল।” আইনি পদক্ষেপ প্রসঙ্গে বলেন, ‘‘সহজ যেন বড় হয়ে জানতে পারে যে, তার বাবা কেন চলে গেল।’’

Advertisement

রাহুলের স্মরণে শনিবার বিকাল ৪টে নাগাদ পদযাত্রার আয়োজন করা হয়েছে। সেই নিয়েও আর্টিস্ট ফোরামের দিকে প্রশ্ন ওঠে।

Priyanka Sarkar Rahul Arunoday Banerjee Artist Forum Protest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy