লতা মঙ্গেশকর ও আশা ভোসলে দুই বোনের মধ্যে বয়সের ফারাক ছিল চার বছরের। লতার মৃত্যুর চার বছরের মধ্যে প্রয়াত হলেন আশা। পাঁচ মঙ্গেশকর ভাইবোনের মধ্যে এখন রয়েছেন উষা, মীনা ও হৃদয়নাথ মঙ্গেশকর। এ বার পরিবারের দুই দিদির চলে যাওয়ার পরে এক বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করলেন ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।
আরও পড়ুন:
আশার মৃত্যুর পর হৃদয়নাথ জানান, তাঁরা দুই দিদির নামে একটি হাসপাতাল তৈরি করতে চান। হাসপাতাল তৈরির জন্য জমিও ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। হৃদয়নাথ বলেন, ‘‘আমরা চাইছি এটা যাতে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল হয়। জমি পেয়ে গিয়েছি। বাকিটা ঈশ্বরের মর্জি।’’ শোনা যাচ্ছে, হাসপাতালের নাম হতে চলেছে ‘আশা-লতা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স’। এ ছাড়াও আরও একটি নামের কথা ভাবা হচ্ছে, সেটি হল ‘লতা-আশা মঙ্গেশকর আয়ুর্বিদ্যা সংস্থান’। চিকিৎসাকেন্দ্র ছাড়াও, এই প্রকল্পে মঙ্গেশকর পরিবারের গৌরবময় সঙ্গীতযাত্রার প্রতি উৎসর্গীকৃত একটি সংগ্রহশালা নির্মাণ করা হবে। জানা গিয়েছে, ওই প্রস্তাবিত সংগ্রহশালায় দুর্লভ স্মৃতিচিহ্ন এবং সঙ্গীতের জগতে মঙ্গেশকর পরিবারের অবদান তুলে ধরা হবে। দর্শনার্থীরা এখানে ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে সঙ্গীত শেখার সুযোগও পাবেন।
উল্লেখ্য, ১২ এপ্রিল প্রয়াত হন আশা ভোসলে। শনিবার সন্ধ্যায় তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু রবিবারই মৃত্যু হয় ৯২ বছর বয়সি গায়িকার। হাসপাতাল থেকে জানানো হয়, একাধিক অঙ্গ বিকল হওয়ায় মৃত্যু হয়েছে আশার। সোমবার সকালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন উদ্ধব ঠাকরে, তব্বু, রিতেশ দেশমুখ, সচিন তেন্ডুলকর প্রমুখ। এ দিনে বিকেল সাড়ে চারটে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয় গায়িকার।