আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা বলিউডের দুই সফল অভিনেতা। সম্পর্কে তাঁরা দুই ভাই। একদা চণ্ডীগড়ের বাসিন্দা আয়ুষ্মানেরা বর্তমানে মুম্বইয়ে থাকেন। বলিউডের অন্যতম জনপ্রিয় দুই ভাই হলেন তাঁরা। যদিও আয়ুষ্মানের বেশ কিছুটা পরে কেরিয়ার শুরু করেন অপারশক্তি। তবে দুই ভাই এই রুপোলি পর্দার চাকচিক্যের মধ্যে থেকেও সবার থেকে আলাদা। তাঁদের দাবি, আজ পর্যন্ত কখনও মদ্যপান পর্যন্ত করেননি তাঁরা।
আরও পড়ুন:
আয়ুষ্মান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার ভাই এবং আমি জীবনে যা কিছু অর্জন করতে পেরেছি, তার একমাত্র কারণ হল চাপমুক্ত ভাবে বড় হয়েছি। কিছু বিধিনিষেধ ছিল, যেগুলো যুক্তিসঙ্গতও ছিল। যেমন একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা। আমাদের বাবা এই বিষয়ে খুবই, খুবই কড়া ছিলেন। আমি মাকে জিজ্ঞেস করতাম, বাবা এত বকাঝকা করে কেন?’’
আয়ুষ্মান আরও বলেন, ‘‘কোনও কোনও রবিবার আমি সকালে তাড়াতাড়ি না উঠলে বলতাম, এটা এমন কী বড় ব্যাপার? তাঁর একটি খুব সহজ, মিষ্টি ব্যাখ্যা মা দিত: যারা ঘুমোয়, তাদের ভাগ্যও ঘুমিয়েই থাকে। আমাকে এই কথাটি যখন বলা হয় তখন আমি তৃতীয় শ্রেণিতে পড়ি এবং সেই থেকে এটি আমার মনে গেঁথে আছে।’’
তিনি আরও জানান যে, তিনি বা অপারশক্তি কেউই কখনও মদ্যপান করেননি এবং এটিকে কোনও ধরনের চাপ না বলে একটি “যুক্তিযুক্ত নিষেধাজ্ঞা” হিসেবে বর্ণনা করেছেন আয়ুষ্মান। তিনি জানান, তাঁর বাড়িতে কখনওই তাঁদের পেশা নির্বাচনের ক্ষেত্রে কখনও চাপ দেওয়া হয়নি। যথেষ্ট ছাড় দেওয়া হয়েছে। যখন খুশি বাড়ি ঢুকতে পেরেছেন। সেই সম্মানের জায়গা থেকেই আয়ুষ্মান বলেন, ‘‘আমরা দুই ভাই কখনও মদ ছুঁইনি, কিংবা ছোঁয়ার চেষ্টা করিনি।’’