প্রথমে ‘টটীরী’ গান নিয়ে বিতর্ক। তার পরে আচমকাই প্রকাশ্যে আসে তাঁর বিয়ের ভিডিয়ো। সম্প্রতি, বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক তথা র্যাপার বাদশা। আদৌ তিনি বিয়ে করেছেন কি না, তা নিয়েও প্রশ্ন ছিল সকলের মনে। তবে এত দিন কোনও কিছু নিয়েই কথা বলেননি গায়ক। অবশেষে মুখ খুললেন। কী লিখেছেন নিজের সমাজমাধ্যমে?
সম্প্রতি আরও একটি গান নিয়ে বিতর্কের মুখে পড়েন নোরা ফতেহি। তিনি যদিও ভিডিয়োবার্তায় ক্ষমা চেয়ে নেন। কিন্তু, বাদশা এত দিন চুপ ছিলেন। কিন্তু আর নীরব থাকলেন না। সম্প্রতি, লন্ডনে অনুষ্ঠান করতে গিয়েছিলেন গায়ক। সেখানে গিয়েও শ্রোতাদের বিপুল ভালবাসা পেয়েছেন। গায়ক বলেন, “জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছি। এ বার সবাই আমার থেকে নতুন ধরনের গান উপহার পাবেন। এখন নিজেকে সেই নতুন গানেই নিমজ্জিত রেখেছি। ধন্যবাদ আমাকে এই ভাবে ভালবাসার জন্য।” বিতর্কের পরেও যে তাঁর প্রতি অনুরাগীদের ভালবাসা বিন্দুমাত্র কম হয়নি, সে কথাও জানিয়েছেন গায়ক।
আরও পড়ুন:
তবে, বিয়ে নিয়ে একটি শব্দও খরচ করেননি। গত কয়েক সপ্তাহে যে ঝড় তাঁর উপর দিয়ে বয়ে গিয়েছে, তার ব্যাখ্যা দিয়েছেন বাদশা। তিনি বলেন, “বেশ কিছু দিন ধরে আমার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে, তার জন্য আমি সত্যিই প্রস্তুত ছিলাম না। বাইরে থেকে সব কিছু সঠিক দেখতে লাগে। কিন্তু কাছে গেলে বোঝা যায় সত্যিটা।” এই সব ভুলে শ্রোতাদের নতুন ধরনের গান উপহার দিতে প্রস্তুত বাদশা। কিন্তু, তাঁর বিয়ে নিয়ে ধোঁয়াশা এখনও স্পষ্ট হয়নি।