বলিপাড়ার প্রবীণ জুটিদের মধ্যে অন্যতম হলেন পঙ্কজ কপূর এবং সুপ্রিয়া পাঠক। অভিনেত্রী নীলিমা অজ়ীমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে সুপ্রিয়াকে বিয়ে করেন পঙ্কজ। ৩৮ বছরের বিবাহিতজীবন তাঁদের। কিন্তু পঙ্কজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত মেনে নেননি সুপ্রিয়ার মা অভিনেত্রী দীনা পাঠক। নেপথ্যে ছিল কোন কাহিনি?
সম্প্রতি, এক সাক্ষাৎকারে ৩৮ বছর পুরনো সময়ে ফিরে গেলেন সুপ্রিয়া। তিনি জানান, যে সময়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, বাড়িতে খুবই অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল। নানা ভাবে সুপ্রিয়াকে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে, পঙ্কজ নাকি পাত্র হিসাবে ঠিক নন। সুপ্রিয়া বলেন, “আমার মা যে কত কিছু বলে আমার সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করেছিলেন। কিছু না পেরে তো পঙ্কজ সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেন। তার পর কোথা থেকে জানতে পারেন যে পঙ্কজ মদ্যপান করে। ব্যস, তার পরেই আমাকে এসে সারা ক্ষণ বলতেন, ‘পঙ্কজ মদ্যপান করে, এই ছেলে কোনওভাবেই ভাল হবে না’।”
শেষে এক দিন বাধ্য হয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান সুপ্রিয়া। অভিনেত্রী যোগ করেন, “মাকে বলেছিলাম পঙ্কজ মোটেই খারাপ মানুষ নন। সব ভুল তথ্য পেয়েছ তুমি। আমি পঙ্কজকেই বিয়ে করব। আমার বিয়েতে তুমি যদি আসতে চাও, তো ভাল। না আসতে চাইলে সেটা তোমার সিদ্ধান্ত, আমার কিছু বলার নেই তাতে।” তবে ধীরে ধীরে পঙ্কজের প্রতি খুবই নরম হয়ে পড়েন সুপ্রিয়ার মা দীনা। মৃত্যুর আগে জামাইকেই সারা ক্ষণ খুঁজতেন। খুবই ভাল সম্পর্ক হয়ে গিয়েছিল পঙ্কজ এবং দীনার।