টলিপাড়ায় নতুন প্রেমের গল্প। যেখানে স্টুডিয়োপাড়ায় একের এক বিয়ের সানাই, সেখানেই মনের মানুষের হদিস দিলেন অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়। ‘মিঠাই’ ধারাবাহিকের জন্য তিনি যদিও এখনও দর্শকের কাছে ‘শ্রী’ নামেই পরিচিত। ভালবাসার মরসুমে প্রেমিকের সঙ্গে বিশেষ ছবি ভাগ করে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী।
যদিও দিয়া এখনও এই বিষয়ে খোলসা করে কিছু বলতে রাজি নন। আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী বলেন, “আমি ‘নজর’-এ বিশ্বাসী। তাই এখনই চাই না আমার প্রেমিক সম্পর্কে বেশি কিছু জানাজানি হোক। তাই ছবি দিলেও ওকে পুরোপুরি প্রকাশ্যে আনিনি। একটি স্টিকার দিয়ে কারুকার্য করেছি! বেশ কয়েক মাস হয়ে গেল আমাদের সম্পর্কের। খুব ভাল আছি আমরা।”
দুই বাড়ির সবাইও খুশি এই সম্পর্ক নিয়ে। দিয়া মধ্যমগ্রামের মেয়ে তিনি। কাজের সূত্রে কয়েক বছর হল টালিগঞ্জে থাকেন। শরীর খারাপ হোক বা কোনও সমস্যা—সারা ক্ষণ পাশে রয়েছেন তাঁর প্রেমিক। তাতেই আরও নিশ্চিন্ত অভিনেত্রীর মা-বাবা। এখনই কি বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা? দিয়া যোগ করেন, “অবশ্যই পরিকল্পনা করছি। তবে তাড়াহুড়ো নেই।” অভিনেত্রীর অতীত নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছিল। সব ভুলে নতুন ভাবে জীবনে এগিয়ে যাওয়ার প্রস্তুতিই নিচ্ছেন দিয়া। প্রেমিক এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কি না সেটাও এখন খোলসা করতে চান না তিনি। এই মুহূর্তে কোনও ধারাবাবাহিকে দেখা যাচ্ছে না দিয়াকে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘কথা’ ধারাবাহিকে। শোনা যাচ্ছে, শীঘ্রই নতুন গল্পে নতুন ভাবে দেখা যাবে তাঁকে।