অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়, ছোটপর্দার পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকে নিয়মিত দেখা যায় তাঁকে। সম্প্রতি আলোচনায় অভিনেত্রীর মেয়ে অদ্রিজা রায় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি কলেজে পড়াশোনা করছেন। সমাজমাধ্যমের পাতায় তিনিও খুবই সক্রিয়। সম্প্রতি অদ্রিজার সমাজমাধ্যমের বেশ কিছু ছবিকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। এই বিতর্ক থেকে মেয়েকে কী ভাবে দূরে রাখেন অভিনেত্রী মল্লিকা?
ক্যামেরার সামনে থাকার জন্য বেশিরভাগ অভিনেত্রীকেই সারা ক্ষণ দর্শকের আলোচনার মধ্যে থাকতে হয়। সেই আলোচনা থেকে বাদ যান না তাঁদের পরিবারের সদস্যরাও। অভিনেত্রী বললেন, “গরিমাকে (অদ্রিজা) আমি অনেক বোঝাই। কিন্তু, ও দূরে থাকে। বেশি নিয়ন্ত্রণে রাখতে চাইলেও কঠিন ব্যাপার। আমি মনে করি বজ্র আঁটুনি ফস্কা গেরো হয়ে যেতে পারে। কিন্তু, এটাও বার বার ওকে শিখিয়েছি যে, আমাদের জীবনটা কোনও ‘কনটেন্ট’ নয়।”
মল্লিকা মনে করেন, মেয়েকে যদি বেশি বাঁধার চেষ্টা করেন, তা হলে উল্টো ঘটনা ঘটতে পারে। তাই তিনি ভালবাসার মাধ্যমে মেয়েকে সব কিছু বোঝানোর চেষ্টা করেন। অদ্রিজার অনেক ছবিতেই সাধারণ মানুষের নেতিবাচক মন্তব্য দেখা গিয়েছে। কারও কারও প্রশ্ন, ব্যক্তিগত জীবনকে কেন এত জনসমক্ষে আনার চেষ্টা! মল্লিকা নিজেও মনে করেন, মেয়েকে যত দ্রুত এ কথা বোঝাতে পারবেন, ভবিষ্যতে তত ভাল হবে।