‘খাদান’ ছবিতে দেবের সংলাপ আজও জনপ্রিয়। “ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি?” ছবিমুক্তির সময়ে এই সংলাপ সবার মুখে মুখে ফিরেছে। একদম সেই ভঙ্গিতেই এ বার সৌম্যদীপ মুখোপাধ্যায় বলছেন, “এই লাটাই, ঘুড়ি! দু’দিন এলাকায় ছিলাম না বলে শিয়ালও নিজেকে রাজা ভাবছে?”
সংলাপের নেপথ্য আবহ ‘খাদান’ ছবির মতোই। দেবের মতো এখানে তিনিও গোঁফ-দাড়িতে শোভিত। আরও আছে। গানের দৃশ্যে সৌম্যদীপ দু’হাত দু’পাশে ছড়িয়ে দিয়েছেন একদম শাহরুখ খানের ভঙ্গিতে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নায়ক পুলিশ অফিসারের খোলস ছেড়ে ‘রাউডি’! এ ভাবেই তিনি ধরা দিতে চলেছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে। ধারাবাহিকের প্রচার-ঝলক পরিচালনা করেছেন রাজা চন্দ। ধারাবাহিকটি রোজ দেখা যাবে ১ জুন থেকে।
‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে ‘রাজা’সৌম্যদীপ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
দেবের ভঙ্গিতে সংলাপ বলেছেন। শুটিংয়ের আগে ছবির ওই দৃশ্য কত বার দেখলেন? সৌম্যদীপকে প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। খানিক হেসে নায়ক জানিয়েছেন, ‘খাদান’ যখন মুক্তি পেয়েছিল, তখন তিনি ছবিটি দেখেছিলেন। প্রচারের অংশ শুটের আগে আলাদা করে দেখেননি। তাঁর কথায়, “রাজাদা পরিচালক। যে ভাবে দেখিয়ে দিয়েছেন, সে ভাবেই ক্যামেরার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।” প্রচার-ঝলক ইতিমধ্যেই মন ছুঁয়ে গিয়েছে সকলের, জানালেন সৌম্যদীপ।
আগের ধারাবাহিকে পুলিস আধিকারিক। এ বার পাড়ার মস্তান। একদম বিপরীতধর্মী বলেই কি নতুন ধারাবাহিকে ‘রাজা’ চরিত্রে অভিনয় করতে রাজি হলেন? বিষয়টি একেবারে অস্বীকার করেননি অভিনেতা। সঙ্গে যোগ করেছেন, “রাজাও কিন্তু দুষ্টের দমন, শিষ্টের পালন করে। এলাকায় যারা সমাজবিরোধী বা অন্যায় করে, শুধু তাদের শাস্তি দেয় সে। অনেকটা আগের ধারাবাহিকের ‘সয়ম্ভু’র মতোই।” তবে শুরু থেকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পেরে খুশি তিনি। ছোটপর্দার ‘রাজা’ বললেন, “চেন্নাই থেকে ফাইটমাস্টার এসেছেন। ধারাবাহিকে যেন সিনেমার ছোঁয়া!” চরিত্রের খাতিরে শারীরচর্চা করে পেশি বানাতে হয়েছে তাঁকে।
কিন্তু, নায়িকা যে বদলে গেল! অঙ্কিতার সঙ্গে আপনার রোম্যান্স নাকি পর্দা ছাপিয়ে বাস্তবেও ছড়িয়ে গিয়েছিল? জোরে হেসে ওঠেন সৌম্যদীপ। বললেন, “পর্দায় আমার প্রেমিকা বদলে গিয়েছেন। অন্নপূর্ণা দেবীর মেজ মেয়ে স্নেহার বিপরীতে দেখা যাবে রাজাকে। স্নেহার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ।” প্রসঙ্গত, স্বস্তিকার প্রথম ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সৌম্যদীপের বাস্তবের নায়িকা কি তা হলে অঙ্কিতাই? প্রশ্ন করতেই ফোনের ও পারে লাজুক হাসি। যেন এক মুহূর্তের জন্য ধরা দিলেন জগদ্ধাত্রী ধারাবাহিকের ‘সয়ম্ভু’। বলে উঠলেন, “নতুন ধারাবাহিক নিয়ে প্রচণ্ড উত্তেজনায় রয়েছি। শুটিং চলছে। সেই সবে ব্যস্ত। আপাতত প্রেম নিয়ে ভাবার সময়ই পাচ্ছি না।”