ভারতী সিংহ ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার ন’বছরের দাম্পত্যজীবন। তাঁদের দুটি সন্তান। সদ্য দ্বিতীয় বার মা হয়েছেন ভারতী। এর মধ্যেই নাকি তাঁদের দাম্পত্যজীবনে দূরত্ব বেড়েছে। সংসারে নাকি অশান্তি। আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন ভারতীর স্বামী। তবে কি এ বার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন টেলিপাড়ার জনপ্রিয় তারকাদম্পতি? গুঞ্জনের মাঝে মুখ খুললেন ভারতী।
আরও পড়ুন:
ভারতী ও হর্ষ টেলিভিশনের জনপ্রিয় তারকাদম্পতি। তাঁরা একসঙ্গে একাধিক অনুষ্ঠান সঞ্চালনা করেন। বাস্তব ও পর্দা, দুই জীবনেই তাঁরা জুটি। ভারতীর প্রতি নিজের ভালবাসা একাধিক বার প্রকাশ করেছেন হর্ষ। সম্প্রতি অভিনেত্রী নেহা ধূপিয়ার অনুষ্ঠানে এসে হর্ষ জানান, তিনি ভারতী ও দুই সন্তানকে ছেড়ে অন্যত্র বাড়ি ভাড়া নিয়েছেন। তার পর থেকেই তাঁদের দাম্পত্যজীবন নিয়ে উঠছে প্রশ্ন। সত্যিই কি সম্পর্কে চিড় ধরল তাঁদের?
এই প্রসঙ্গে হর্ষ জানান, বাড়িতে এত চিৎকার, আওয়াজ—এ সব থেকে বাঁচতেই নাকি বাড়ি ভাড়া নিয়েছেন। হর্ষের এমন কথা শুনে প্রতিবাদ করেন নেহা। অন্য দিকে নেহার স্বামী অভিনেতা অঙ্গদ অবশ্য হর্ষেরই পক্ষে। হর্ষ জানান, তাঁর লেখাপড়ার জন্য শান্ত একটা জায়গা দরকার, সেই কারণেই অন্যত্র থাকছেন। দাবানলের মতো ছড়িয়ে পড়ে সে খবর। তার পর থেকেই শুরু গুঞ্জন — আলাদা হচ্ছেন হর্ষ ও ভারতী। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন ভারতী। তিনি বলেন, ‘‘আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের বিচ্ছেদ হচ্ছে না। আমারা আলাদা হব, যে দিন আমাদের মৃত্যু হবে।’’ এককথায় নিজেদের বিবাহবিচ্ছেদের জল্পনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ভারতী।