সলমনের খানের মতিগতি নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা কথা আলোচনা হয়। কারও কাছে তিনি বদমেজাজি, কারও কাছে আবার দিলদরিয়া। তবে রণবীর কপূরের সঙ্গে সলমন খান এক বার এমন একটা কাণ্ড ঘটান যে, তাঁদের বাড়ি গিয়ে ঋষি কপূরের কাছে ক্ষমা চাইতে হয় সেলিম-পুত্রকে।
আরও পড়ুন:
বেশ কয়েক বছর আগের ঘটনা। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় একটি খ্যাতনামী পানশালা ও রেস্তরাঁ রয়েছে, যেখানে তারকাদের আনাগোনা লেগেই থাকে। সেখানে একটা সময় নিত্য যাতায়াত ছিল সলমন খান ও তাঁদের ভাইদের। সেখানেই মাধেমধ্যে যেতেন ঋষি কপূর। এই রেস্তরাঁর মালিক এডি সিংহ বলিউড তারকাদের অনেক কিছুর সাক্ষী। তিনি এমন একটা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন যা অনেকেই জানেন না। রণবীর তখন সদ্য বিদেশ থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করে ফিরেছেন। ওই রেস্তরাঁরই একটি অনুষ্ঠানে সলমনের প্রায় পিছু নেন তরুণ রণবীর। সলমন যেখানেই যাচ্ছেন তাঁর পিছনে পিছনে রণবীর ছুটছেন। এক মুহূর্তে সলমনকে কাছছাড়া করছেন না তিনি। একটা সময়ের পর বেশ বিরক্ত হয়ে পড়েন সলমন। রেগে গিয়ে রণবীরকে কোলে তুলে পাশে একটা পুকুরে ফেলে দিতে যাচ্ছিলেন। এমন সময় ছুটে আসেন সলমনের দুই ভাই।
রেস্তরাঁর মালিক এডি সিংহের কথায়, ‘‘সলমন সে দিন এতটাই বিরক্ত হয়ে যান যে রাগ সামলাতে পারেননি। ওঁর দুই ভাই এসে বাধা দেন ওঁকে, (রণবীরকে দেখিয়ে) বলেন, এটা ঋষি কপূররে ছেলে। তখন তাঁকে কোল থেকে নামিয়ে দেয়। ক্ষমাও চায়।’’
তবে শুধু রণবীরের কাছে ক্ষমা চেয়ে ক্ষান্ত হননি সলমন। তাঁকে একটি দামি ঘড়িও উপহার দেন। এমনকি, ঋষি কপূরের বাড়ি গিয়ে তাঁর কাছে ক্ষমাও চেয়ে আসেন।