ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৬-২৭ সালের ঘরোয়া মরসুমের সূচি জানিয়ে দিয়েছে তারা। আগামী বছর ঘরোয়া ক্রিকেটে মোট ১৭৮৮ ম্যাচ হবে। পুরুষ, মহিলা ও বয়সভিত্তিক ক্রিকেট মিলিয়ে এই সূচি করা হয়েছে। সিনিয়র প্রতিযোগিতা ছাড়াও পুরুষদের অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ এবং মহিলাদের অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা রয়েছে এই সূচিতে।
২৩ অগস্ট দলীপ ট্রফি দিয়ে শুরু হবে আগামী ঘরোয়া মরসুম। লাল বলের এই ক্রিকেটে ছ’টি আঞ্চলিক দল থাকবে। ১ অক্টোবর থেকে শুরু হবে ইরানি কাপ। রঞ্জি ট্রফি ও কর্নেল সিকে নাইডু ট্রফি দু’টি পর্যায়ে হবে। ক্রিকেটারেরা যাতে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও খেলতে পারে, তার জন্য তাদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। সেই জন্যই দু’টি পর্যায়ে হবে এই দুই প্রতিযোগিতা। রঞ্জির এলিট গ্রুপে খেলবে মোট ৩২ দল। তাদের চারটি গ্রুপে রাখা হবে। প্লেট গ্রুপে থাকবে মোট ছ’টি দল।
আগামী মরসুমে আবার দেখা যাবে সিকে নাইডুর বিজয়ী দল বনাম রেস্ট অফ ইন্ডিয়া প্রতিযোগিতা। ১ থেকে ৪ অক্টোবর হবে সেই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়ার জন্য এই প্রতিযোগিতা হবে।
আরও পড়ুন:
তবে একটি বদল করা হয়েছে সূচিতে। আগের বছর পর্যন্ত পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট এ প্রতিযোগিতা ও বিজয় হজারে প্রতিযোগিতায় ৫০ ওভারের ম্যাচ হত। সেই প্রতিযোগিতা দু’টি এ বার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিও হবে। অর্থাৎ, কুড়ি-বিশের ক্রিকেটের উপর আরও জোর দিচ্ছে বোর্ড।
কুচবিহার ট্রফির এলিট গ্রুপের নকআউট ম্যাচগুলি বেঙ্গালুরু ও মাইসুরুতে হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানুয়ারিতে সেখানে আবহাওয়া ভাল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয় মার্চেন্ট অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতা এ বার নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে হবে। ক্রিকেটারদের প্রস্তুতির পর্যাপ্ত সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।