‘ধুরন্ধর’ ছবিতে ‘শরারত’ গানের সঙ্গে নেচে নজর কেড়েছিলেন আয়শা খান। এক দিকে প্রশংসা যেমন পেয়েছেন, কটাক্ষের শিকারও হয়েছেন। তবে আয়শার বক্তব্য, বয়সের জন্যও তাঁকে তির্যক মন্তব্যের শিকার হতে হয়েছে। এখন তাঁর বয়স ২৩ বছর। কিন্তু অনেকে নাকি তা বিশ্বাসই করতে চায় না।
দু’বছর আগে ‘বিগ বস্’-এ প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন আয়শা। তখন তাঁর বয়স ২১। কিন্তু সেই সময়েও তাঁকে কেউ বিশ্বাস করেননি। লম্বা চওড়া হওয়ার কারণেই তাঁকে এই সমস্যার মুখে পড়তে হয় বলে মনে করেন আয়শা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “অনেকেই জানেন না আমার বয়স মাত্র ২৩ বছর। বয়সের জন্যও আমি ট্রোল্ড হয়েছি। ১৭ বছর বয়স থেকে বয়সের কারণে আমায় কথা শুনতে হয়েছে। আচমকা বয়ঃসন্ধির পরে লম্বাচওড়া হতে থাকি। চেহারার গড়ন বদলে যায়। তাই যখনই বয়স বলতাম, সবাই ভাবত, আমি মিথ্যে বলছি। অনেকে আবার ভাবেন, ‘অভিনেত্রীরা তো বয়স কমিয়েই বলেন’।”
আরও পড়ুন:
বয়স নিয়ে শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছে আয়শার। তাই এখন আর কিছু যায় আসে না অভিনেত্রীর। তাঁর স্পষ্ট বক্তব্য, “লোকে আমাকে ২৩ ভাবুক, বা ২৫, ৩০, ৩৫ যা-ই ভাবুক, যতক্ষণ আমার ঘরে পয়সা আসছে, আমার কিছু যায় আসে না এ সবে।”
আয়শা আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীর্ঘাঙ্গী হওয়ার জন্য তাঁকে কাজও হারাতে হয়েছে। অভিনেত্রী বলেছিলেন, “ আমি কিন্তু বেশ লম্বা। এটাই মাঝে মঝ্যে আমার বিপক্ষে চলে যায়। আমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। এমন বহু বার হয়েছে, কাজ পেতে পেতেও আমি পাইনি। কারণ, নায়ক হয়তো উচ্চতায় ছোট। তাঁরা হয়তো দীর্ঘাঙ্গী অভিনেত্রীর সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন না। তাই মনে হয়, উচ্চতা একটু কম হলে ভালই হত।”