Advertisement
E-Paper

আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, ১৬ বছর পর ভারত ছাড়ছেন মন্দনা করিমি

মাত্র ১৮ বছর বয়সে নিজের দেশ ইরান ছেড়ে ভারতে আসেন মন্দনা করিমি। এ বার সেই দেশও ছাড়া সময় চলে এল। কোথায় যাচ্ছেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ২০:৩৫
ইরান ছেড়েছিলেন দশ বছর আগে, এ বার কী কারণে ভারত ছাড়ছেন মন্দনা?

ইরান ছেড়েছিলেন দশ বছর আগে, এ বার কী কারণে ভারত ছাড়ছেন মন্দনা? ছবি: সংগৃহীত।

চলতি বছর মার্চ মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ইরানীয় বংশোদ্ভূত অভিনেত্রী মন্দনা করিমি। ইরানে নিষিদ্ধ ছিলেন তিনি। নিজের দেশে ঢুকতে পারতেন না। গত ১৬ বছর ধরে ভারতে ছিলেন মন্দনা। বলিউডে অভিনেত্রী হিসেবে অল্পবিস্তর পরিচিতি পান। ‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’, ‘রয়’-এর মতো ছবিতে অভিনয় করেছেন মন্দনা। ‘বিগবস্‌’-এও নজর কেড়েছিলেন অভিনেত্রী। এ বার সেই সব পর্ব চুকিয়ে ভারত ছাড়ার কথা জানালেন মন্দনা।

মাত্র ১৮ বছর বয়সে নিজের দেশ ছেড়ে ভারতে আসেন। এ বার এই দেশও ছাড়ার সময় চলে এল। মন্দনা সমাজমাধ্যমে জানান, তাঁর দ্বিতীয় বাড়িকে বিদায় জানানোর সময় চলে এল। এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন মুম্বই শহরটাকে তিনি মিস্‌ করবেন কি না! তাতেই মন্দনা বলেন, ‘‘নিজে দুঃস্বপ্নেও কখনও ভাবতে পারেননি এই শহর এই দেশ তাঁকে ছাড়তে হবে।’’ বছর দশেক আগে নিজের দেশে ঢোকা বন্ধ হয়ে যায় মন্দনার। তার পর থেকে সেখানে ঢুকতে পারেননি তিনি। যদিও ইরানে নতুন সরকার গঠিত হয়েছে। তবে মন্দনা জানিয়ে দিয়েছেন, সে দেশে তিনি ফিরছেন না। বরং নতুন আস্তানা খুঁজে পেয়েছেন।

মন্দনার কথায়, ‘‘আমি ভারত ছাড়ছি। কিন্তু আমি ইরানে ফিরছি না। আমি ভারতের উপর ক্ষুব্ধ। কারণ, গত কয়েক মাস ধরে আমি ভারতে কোনও সমর্থন পাইনি। আর হঠাৎ করে, যখন খামেনেই মারা গেলেন তখন দেখলাম ইজ়রায়েল এবং আমেরিকার নাম নিয়ে ভারতে সকলেই নিজের মত প্রকাশ করেছে। কেউ কেউ তো রাস্তায় নেমে খামেনেইয়ের জন্য শোক পালন করছে, যা আমি পারিনি, এবং এখনও পারব না।’’ তাই নতুন কোনও দেশে যাচ্ছেন মন্দনা। যদিও কোন দেশে গিয়ে নতুন সব কিছু শুরু করবেন, সেটা খোলসা করেননি। তবে অনেকেই অনুমান করছেন, মন্দনা হয়তো ইংল্যান্ডে গিয়ে নতুন করে জীবনটা শুরু করবেন।

Mandana Karimi Iran Ayatollah Khomeini
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy