Advertisement
E-Paper

‘ছবিতে নেননি, পারিশ্রমিকও দেননি’! কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপি নেতার

চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা কঙ্গনা রানাউতের ছবি ‘তেজস’-এর। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ঝলকও। তার কয়েক সপ্তাহ পরেই বিতর্কে জড়াল কঙ্গনার আসন্ন ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১৯:৩২
Kangana Ranaut.

অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

বিতর্ক তাঁর মধ্যনাম। পেশাগত কারণে যত না চর্চায় থাকেন তিনি, তার থেকে বেশি ঘোরাফেরা বিতর্কিত পরিসরে। বলিউড হোক বা রাজনীতি— কোনও বিষয়েই মন্তব্য করা থেকে পিছিয়ে থাকেন না তিনি। ফলে বিতর্কও পিছু ছাড়ে না তাঁর। তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ফের বিতর্কে নাম জড়াল তাঁর। এ বার আসন্ন ছবি ‘তেজস’ নিয়ে চর্চায় উঠে এলেন কঙ্গনা। প্রতিশ্রুতির পরেও নাকি পারিশ্রমিক মেলেনি, অভিযোগ ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তির। এই মর্মে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিযোগকারীর। ঘটনাচক্রে সেই অভিযোগকারী এক বিজেপি নেতা।

সম্প্রতি বিজেপি নেতা ময়ঙ্ক মধুর দাবি করেন, শিবরাজ সিংহ চৌহান, রাজনাথ সিংহের মতো তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কঙ্গনাকে সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন তিনি। শিবরাজ সিংহ চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা। অন্য দিকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিংহ। ময়ঙ্কের অভিযোগ, রাজনাথের সঙ্গে মাত্র ১০ মিনিট সাক্ষাতের অনুরোধ জানিয়ে প্রায় দু’ঘণ্টা সময় নিয়েছিলেন কঙ্গনা। এমনকি, ‘তেজস’ ছবির শুটিংয়ের জন্য বায়ুসেনার ঘাঁটিতে যাতে শুটিং করতে পারেন কঙ্গনা, সেই বিষয়েও নাকি সাহায্য করেছিলেন ময়ঙ্ক। অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ দিনের পরিচিতি ও বন্ধুত্বের সূত্রেই নাকি তাঁর এই অনুরোধ রাখেন তিনি, দাবি ময়ঙ্কের। তার পরেও প্রতিশ্রুতি মতো ‘তেজস’ ছবিতে কোনও চরিত্রে কাজ পাননি ময়ঙ্ক। শুধু তা-ই নয়, কোনও পারিশ্রমিকও নাকি পাননি ওই বিজেপি নেতা। কঙ্গনার এই আচরণে ক্ষুব্ধ হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ময়ঙ্ক। খবর, এই মুহূর্তে এই বিষয়টি দেখাশোনা করছেন কঙ্গনার বোন রঙ্গোলি চন্দেল।

বায়ুসেনা আধিকারিক তেজস গিলের জীবনাবলম্বনে তৈরি হয়েছে ‘তেজস’ ছবি। সর্বেশ মেওয়ারা পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে কঙ্গনাকে। ছবিতে কঙ্গনার ঝলক সম্প্রতি মুক্তি পেয়েছে। সমাজমাধ্যমের পাতায় নিজের লুক শেয়ার করেছেন অভিনেত্রী। চলতি বছরের অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি।

Kangana Ranaut Bollywood Bollywood Actress Tejas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy