Advertisement
E-Paper

‘শিশুর মতো কাঁদতে থাকি’, রাজপালকে টাকা দিয়ে কী হয়েছিল? অবশেষে মুখ খুললেন অভিযোগকারী ব্যবসায়ী

মাধবের থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল, এমনই জানা গিয়েছে। অভিনেতার সঙ্গে তাঁর আলাপ কী ভাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৪
রাজপালের ঘটনায় মুখ খুললেন মাধব আগরওয়াল।

রাজপালের ঘটনায় মুখ খুললেন মাধব আগরওয়াল। ছবি: সংগৃহীত।

৯ কোটি ঋণের ঘটনায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন রাজপাল যাদব। বুধবার তিনি তিহাড় জেল থেকে বেরোচ্ছেন। এর মধ্যেই অবশেষে মুখ খুললেন এই মামলার অভিযোগকারী ব্যবসায়ী মাধব গোপাল আগরওয়াল। ঠিক কী ঘটেছিল? সবটা সাক্ষাৎকারে জানালেন তিনি।

মাধবের থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল, এমনই জানা গিয়েছে। অভিনেতার সঙ্গে তাঁর আলাপ কী ভাবে? ব্যবসায়ী জানান, সাংসদ মিথিলেশ কুমার কাথেরিয়ার মাধ্যমে প্রথম তাঁর সাক্ষাৎ হয়েছিল রাজপালের সঙ্গে। ২০১২ সালের ছবি ‘অতা পতা লাপতা’র জন্য আর্থিক সাহায্য চেয়েছিলেন রাজপাল। দাবি করেছিলেন, অবিলম্বে আর্থিক সাহায্য না পেলে ছবিটাই আর হবে না। যে অর্থ ইতিমধ্যেই খরচ হয়েছে, সেটারও ক্ষতি হবে।

মাধবের স্পষ্ট বক্তব্য, তিনি উল্লিখিত ছবিতে বিনিয়োগ করেননি। ঋণ হিসাবেই টাকা দিয়েছিলেন। তিনি বলেছেন, “নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়েছিল। রাজপাল যাদব নিজেও প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দেবেন বলে।” কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ফেরত আসেনি টাকা। তখন রাজপালের বাড়ি পর্যন্ত যান মাধব। তাঁর কথায়, “রাজপালের বাড়িতে পর্যন্ত পৌঁছে যাই। ওঁর সামনে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ি। অন্য জায়গা থেকে অর্থ ঋণ নিয়ে আমি ওঁকে সাহায্য করেছিলাম। নিজের পাওনা টাকাই ওঁর কাছে ভিক্ষা চাইতে থাকি, যাতে আমি আমার পাওনাদারদের অন্তত টাকা মিটিয়ে দিতে পারি।”

তবে এখানেই নাকি শেষ নয়। ৫ কোটি টাকা ফেরত না পাওয়ার পরেও নাকি আবার আর্থিক ভাবে রাজপালকে সাহায্য করেছিলেন মাধব। তাঁর দাবি, রাজপালের স্ত্রী রাধা তাঁকে টাকা চেয়ে আবেগপ্রবণ মেসেজ পাঠিয়েছিলেন। রাজপালের ছবির জন্য আরও আর্থিক সাহায্য চান তিনি। সেই মতোই আরও কিছু টাকা দিয়েছিলেন মাধব।

ছবিমুক্তির পরে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজপাল। কিন্তু ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। রাজপালের থেকে চেক পেলেও তা ‘বাউন্স’ করতে থাকে। অবশেষে আইনের সাহায্য নেন তিনি।

Rajpal Yadav
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy