Advertisement
E-Paper

অবশেষে স্বস্তিতে! আরবে আটক ছিলেন সেলিনার ভাই তথা প্রাক্তন সেনা, কোন সহায়তা পেলেন তিনি?

২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে আরবে আটকে রয়েছেন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা আধিকারিক বিক্রান্ত জেটলি। বিষয়টি নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০
সেলিনার ভাই কবে মুক্তি পাবেন আরব থেকে?

সেলিনার ভাই কবে মুক্তি পাবেন আরব থেকে? ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রাখা হয়েছে তাঁর ভাইকে। অভিযোগ জানিয়েছিলেন সেলিনা জেটলি। তাঁকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে না, এমনও জানিয়েছিলেন সেলিনা। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে আরবে আটকে রয়েছেন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা আধিকারিক বিক্রান্ত জেটলি। বিষয়টি নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। অবশেষে বিক্রান্তকে আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট।

এই নির্দেশে স্বস্তিতে সেলিনা। সংবাদমাধ্যমকে সেলিনা বলেছেন, “টানা ১৮ মাসের দীর্ঘ লড়াই এটা আমাদের জন্য। ১৮ মাস পরে আজ আমার ভাই তথা আমাদের দেশের সেনাকে তাঁর সম্মান ফিরিয়ে দেওয়া হল।” আরব থেকে ছাড়া পেয়ে দেশে ফেরার যে লড়াই, তার জন্য এ বার আইনি সহায়তা পাবেন বিক্রান্ত। বিষয়টি নিয়ে আশাবাদী সেলিনা। তাই তিনি লিখেছেন, “আমরা ওকে ফিরিয়ে আনতে চাই। আমি নিশ্চিত, সব কিছু ইতিবাচক ভাবেই হবে এবং দ্রুত হবে।”

বিক্রান্তের মামলা নিয়ে সেলিনার আইনজীবীরও বক্তব্য, অবশেষে তাঁরা দিল্লি হাই কোর্ট থেকে ভাল কোনও নির্দেশ পেয়েছেন।

২০২৪ সালে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কে নাম জড়িয়েছিল বিক্রান্তের। তার পর থেকেই তিনি আটক আরবে। তবে সেলিনা এই দাবি মানতে নারাজ। আগেও এক আবেগঘন পোস্টে সেলিনা লিখেছিলেন, “আমি ও আমার ভাই। আমার সোনা ভাই, আশা করি, তুমি ঠিক আছ। আমি তোমার পাশে আছি। আশা করি তুমি জানো, এক রাতও তোমার জন্য না কেঁদে ঘুমোতে যাইনি। তোমার জন্য আমি সব ছাড়তে পারি, এটা নিশ্চয়ই তুমি জানো। আশা করি, তুমি জানো, আমাদের মধ্যে আর কেউ আসতে পারবে না। আমি কোনও কিছু বাকি রাখছি না। আশা করছি, ঈশ্বর অবশেষে তোমার এবং আমার উপর সদয় হবে ভাই। তোমার অপেক্ষায় রয়েছি।”

Celina Jaitly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy