Advertisement
E-Paper

আসতে চলেছে ‘ফর্জ়ি ২’! দ্বিতীয় সিজ়নে বাড়ছে বাজেট ও পারিশ্রমিক, কত পাচ্ছেন শাহিদ কপূর?

সম্প্রতি নির্মাতারা ঘোষণা করেছেন, চলতি বছরের মার্চেই শুরু হবে ‘ফর্জ়ি ২’-এর কাজ। প্রথম সিজ়নে মূল চরিত্রে অনুরাগীদের মুগ্ধ করেছিলেন শাহিদ কপূর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৪:১৫
‘ফর্জ়ি ২’-এর বাজেট কত?

‘ফর্জ়ি ২’-এর বাজেট কত? ছবি: সংগৃহীত।

২০২৩ সালে ওটিটি-তে ঝড় তুলেছিল ওয়েব সিরিজ় ‘ফর্জ়ি’। তার পর থেকে প্রশ্ন উঠেছিল, কবে আসবে এর দ্বিতীয় সিজ়ন? অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। সম্প্রতি নির্মাতারা ঘোষণা করেছেন, চলতি বছরের মার্চ মাসেই শুরু হচ্ছে ‘ফর্জ়ি ২’-এর কাজ। প্রথম সিজ়নে মূল চরিত্রে অনুরাগীদের মুগ্ধ করেছিলেন শাহিদ কপূর। ‘চকোলেট বয়’ ভাবমূর্তি তিনি আগেই ভেঙেছেন। অভিনেতা হিসাবেও যে তিনি বহুমুখী, তা প্রমাণ করেছিলেন শাহিদ। পারিশ্রমিকও পেয়েছিলেন আকাশছোঁয়া। দ্বিতীয় সিজ়নে তিনি কত পারিশ্রমিক পাবেন?

শাহিদের বিপরীতে পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি। তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছিল। প্রথম সিজ়নে নজর কেড়েছিলেন রাশি খন্না, ভুবন অরোরা, কেকে মেননও। প্রথম সিজ়নের জন্য নাকি শাহিদ পেয়েছিলেন ৩০ কোটি টাকা। দ্বিতীয় সিজ়নে সেই পারিশ্রমিক অনেকটাই বেড়েছে। শোনা যাচ্ছে, এই সিজ়নে শাহিদ ৪০ থেকে ৪৫ কোটি টাকা পাচ্ছেন।

প্রথম সিজ়নে বিজয় পেয়েছিলেন ৭ কোটি টাকা। দ্বিতীয় সিজ়নে তাঁর পারিশ্রমিকও বেশ কিছুটা বাড়ছে বলে খবর। তা ছাড়া ‘জওয়ান’ ছবির সাফল্যের পরে সার্বিক ভাবেই তাঁর পারিশ্রমিক বেড়েছে।

খলনায়কের চরিত্রে অভিনয় করে কেকে মেনন প্রথম সিজ়নে পেয়েছিলেন ২.৫ কোটি টাকা পারিশ্রমিক। দক্ষিণী নায়িকা রাশি প্রথম সিজ়নে পেয়েছিলেন ১.৫ কোটি টাকা। দ্বিতীয় সিজ়নে তাঁদের পারিশ্রমিকও অনেকটাই বাড়ছে বলে জানা যাচ্ছে। শুধু অভিনেতাদের পারিশ্রমিকই নয়, গোটা সিরিজ়ের বাজেটই বৃদ্ধি পাচ্ছে বলে জানা যাচ্ছে। প্রথম সিজ়ন তৈরি হয়েছিল ৮০ কোটি টাকায়। খবর, দ্বিতীয় সিজ়নটি তৈরি হচ্ছে ২৭৫ কোটি টাকায়। বেশ কিছু আন্তর্জাতিক স্থানেও এ বার সিরিজ়ের শুটিং হবে বলে জানা যাচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও মরিশাসে শুটিং হবে বলে শোনা যাচ্ছে। ২০২৬-এর শেষ দিকে অথবা ২০২৭-এর প্রথম দিকে দ্বিতীয় সিজ়নটি মুক্তি পেতে পারে।

Farzi 2 Shahid Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy