Advertisement
E-Paper

হঠাৎ অসুস্থ দীপিকা পাড়ুকোন, মাঝরাতে ভর্তি করানো হল হাসপাতালে

সোমবার অসুস্থ দীপিকা পাড়ুকোনকে ভর্তি করানো হয়েছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানে অভিনেত্রীর অনেকগুলি মেডিক্যাল পরীক্ষা করার পর, চিকিৎসকেরা দেখেন তাঁকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৮:০৫
হাসপাতালে ভর্তি করানো হয়েছে  দীপিকা পাড়ুকোনকে।

হাসপাতালে ভর্তি করানো হয়েছে দীপিকা পাড়ুকোনকে। ফাইল চিত্র।

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। সোমবার বিকেলে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে মুম্বইয়ের একটি সংবাদ সংস্থা। সূত্রের খবর, রাতেই হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয় দীপিকার। পরে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে দেখে। আপাতত ওই চিকিৎসক দলের পর্যবেক্ষণেই হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেত্রী। যদিও দীপিকার পরিবারের তরফে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

মুম্বইয়ের ওই সংবাদমাধ্যম সূত্রেই জানা গিয়েছে, সোমবার হঠাৎই প্রবল শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন অভিনেত্রী। সঙ্গে ছিল অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ। তবে তিনি বাড়িতেই ছিলেন কি না তা জানা যায়নি। রাতে অসুস্থ অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখ্য, এর কয়েক মাস আগেই জুনে আরও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সে বারও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শ্যুটিং চলাকালীন আচমকাই হৃদ্‌স্পন্দন মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল দীপিকার। হায়দরাবাদেরই কামিনেনি হাসপাতালে সেই সময় চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, দীপিকাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ওটিটি সিনেমা ‘গেহরিয়া’তে। তবে বেশ কয়েকটি ছবির কাজ হাতে রয়েছে দীপিকার। দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে ছবির শ্যুটিং শেষের পথে। এ ছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ এবং হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ ছবির কাজও চলছে।

Deepika Padukone mumbai Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy