Advertisement
E-Paper

ব্রিগেডে প্রসেনজিৎ-জিৎ, তারকাহীন তৃণমূল নেত্রী! রাতারাতি ‘পালাবদল’ মমতার রবীন্দ্রজয়ন্তীতে!

কেউ বলেছেন আমন্ত্রণ পাননি। কেউ আমন্ত্রণ পেয়েও নাকি অসুস্থতার কারণে যেতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রজয়ন্তীতে নেই কোনও ইন্ডাস্ট্রির জনপ্রিয় কোনও মুখ!

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৮:৪৬
তারকাহীন মমতা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রজয়ন্তী।

তারকাহীন মমতা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রজয়ন্তী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সরকারি উদ্যোগে রবীন্দ্রজন্মজয়ন্তী হোক, বা যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান— প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সব মঞ্চই যেন চাঁদের হাট! এমনটাই রেওয়াজ হয়ে গিয়েছিল গত দেড় দশক ধরে। পালাবদলের ধাক্কায় সেই চেনা ছবিতেও রাতারাতি বদল! শনিবার রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে কালীঘাটে নিজের বাড়ির সামনেই অনুষ্ঠানের আয়োজন করেন মমতা। বড়পর্দা তো দূর্‌অস্ত, ছোটপর্দার অভিনেতাদেরও এ দিন দেখা যায়নি তাঁর অনুষ্ঠানে। অথচ, যাঁদের নাকি আসার কথা ছিল, তাঁরাই একসময় মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সরকারি যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মঞ্চ আলো করে বসতেন।

পালাবদলের পরে, এই রবীন্দ্রজন্মজয়ন্তীকেই শপথগ্রহণের দিন হিসেবে বেছে নেয় রাজ্যের সদ্যনির্বাচিত শাসকদল বিজেপি। দেখা গেল, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই সমারোহে একাধিক তারকার ভিড়। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন মমতাশঙ্কর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, যিশু সেনগুপ্ত, পায়েল সরকার। টেলিপাড়া থেকেও এসেছিলেন কিছু অভিনেতা। অথচ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান আগাগোড়া জৌলুসহীন রয়ে গেল।

এ দিন বিকেল চারটে নাগাদ তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়ির সামনে অনুষ্ঠান শুরু হয়। অভিনয়দুনিয়া থেকে দেখা গেল শুধু সুভদ্রা মুখোপাধ্যায়কে। ছোটপর্দার জনপ্রিয় মুখ, যাঁরা তৃণমূলের প্রচারে নিয়মিত যোগ দিয়েছেন তাঁদের দেখা মেলেনি! ভরত কল, সৌমিতৃষা কুণ্ডু, রূপাঞ্জনা মিত্র, তিয়াশা লেপচা, প্রিয়া পাল, ভিভান ঘোষ, দিগন্ত বাগচী, রিমঝিম মিত্র— কেউ ছিলেন না! নেই চিরঞ্জিৎ চক্রবর্তী, ব্রাত্য বসু, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, নচিকেতা চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়া-সহ ‘হেভিওয়েট’ মুখও! অথচ, এঁরাই মমতা মুখ্যমন্ত্রী থাকার সময় তাঁর এক ডাকে সব অনুষ্ঠানে হাজির হতেন।

তবে এ দিন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়, অর্পিতা ঘোষ, অভিনেতা এবং তৃণমূলের জয়ী বিধায়ক কুণাল ঘোষ, আবৃত্তিকার প্রণতি ঠাকুর, সুতপা বন্দ্যোপাধ্যায়। বাবুল, অর্পিতা, কুণাল রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন। আবৃত্তি করেছেন আবৃত্তিকারেরা।

যাঁরা অনুপস্থিত, তাঁরা কেন কেউ যোগ দিলেন না? যোগাযোগ করে জানার চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। নচিকেতা এক কথায় বলেছেন, “আমন্ত্রণ পাইনি।” আমন্ত্রণ পেলে যেতেন গায়ক? তাঁর সাফ জবাব, “আমি অসুস্থ। আপনারা সবাই জানেন। তাই যাওয়া সম্ভব হয়নি।” আমন্ত্রণ পাননি ভরত, প্রিয়া, রিমঝিমও! ভরতের কথায়, “সকাল থেকে ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’-এর শুটিং করছি।” একই শুটিংয়ে ব্যস্ত প্রিয়াও। তাঁর সাফ কথা, “দিদিকে ভালবেসে তাঁর প্রচারে যোগ দিয়েছি। রাজনীতিতে কোনও দিনই নেই।” ভিভান জানালেন, শীঘ্রই তাঁর ছোট একটি অস্ত্রোপচার হবে। ফলে, আপাতত তিনি শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত। রিমঝিম বললেন, “আমন্ত্রণ পেলেও যেতে পারতাম কি না জানি না। কারণ, সকাল থেকে ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত।” অন্য দিকে, নচিকেতা, ভিভানের মতোই অসুস্থতার কারণে অনুপস্থিত দিগন্ত। তাঁর কথায়, “আমন্ত্রণ পেয়েছি। ফোনও এসেছিল আমার কাছে। কিন্তু জ্বরে শয্যাশায়ী। ফলে, বাড়িতেই রয়েছি।” ইন্দ্রনীল সেনের গান গাওয়ার কথা ছিল ওই অনুষ্ঠানে। মমতা জানান, ইন্দ্রনীলের এলাকার পরিবেশ, পরিস্থিতি স্বাভাবিক নেই। সেই জন্য তিনি আসতে পারেননি।

বাকি ‘হেভিওয়েট’দের অনুস্থিতির কারণ জানা যায়নি। এঁদের প্রত্যেককে ফোন করা হয়েছে একাধিক বার। ফোন বেজে গিয়েছে। তারকারা অধরা।

Mamata Banerjee subhendu adhikari Bharat Kaul Nachiketa Chakraborty Rimjhim Mitra Diganta Bagchi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy