গত কয়েক দিন ধরে গুঞ্জন, জেনিফার উইংগেট ও কর্ণ ওয়াহী নাকি সম্পর্কে। অনুরাগীদের জল্পনা, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দার অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি পোস্ট ঘিরে এই জল্পনা তৈরি হয়েছে।
সম্প্রতি বিয়ে সংক্রান্ত একটি পোস্টে জেনিফারের মন্তব্য থেকে এই জল্পনা তৈরি হয়েছে। ‘ওয়েডিং ডান্স’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। এই সংস্থা বিয়ের অনুষ্ঠানের আয়োজক হিসাবে পরিচিত। তারা এক নবদম্পতির ছবি ভাগ করে নেয়। সঙ্গে ক্যাপশনে লেখে, “আপনারাও কি নিজেদের বিয়েতে এমন আয়োজন চান? তা হলে এখনই মন্তব্য বিভাগে ‘ডান্স’ লিখুন। তা হলে আমরা বিশদে আপনাদের আয়োজন সম্পর্কে সব জানাব।” সেই ‘নির্দেশ’মতোই জেনিফার মন্তব্যে লেখেন, “ডান্স, প্লিজ়”। অনুরাগীদের চোখে পড়ে যায় এই মন্তব্য। তবে কি বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জেনিফারের? প্রশ্ন তুলছেন অনুরাগীরা। যদিও কিছু ক্ষণ পরে এই মন্তব্য মুছে দেন নায়িকা।
জেনিফারের অনুরাগীদের অনেকেই মনে করছেন, বিয়ের দিনক্ষণ সবই ঠিক করে ফেলেছেন। এ বার শুধু বিয়ের আয়োজনের অপেক্ষা। অনুরাগীরা উচ্ছ্বসিত জেনিফারের এই মন্তব্য দেখার পর থেকে। এক ভক্ত লিখেছেন, “অবশেষে নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন জেনিফার। আমি খুব খুশি। আমাদের এই অনুমান যেন সত্যি হয়।”
২০১২ সালে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। যদিও বছর দুইয়ের মাথায় সেই বিয়ে ভাঙে। কর্ণ এর পরে বিপাশা বসুকে বিয়ে করেন। তবে সেই থেকে একাকী ছিলেন জেনিফার। কিন্তু গত কয়েক দিনে কর্ণ ওয়াহীর সঙ্গে নাম জড়িয়েছে জেনিফারের। তবে এই জল্পনা একেবারেই মিথ্যা, এমন দাবি করেছিলেন কর্ণ ওয়াহী।
‘দিল মিল গয়ে’-খ্যাত অভিনেতা একটি পোস্টে লিখেছিলেন, ‘‘সস্তার প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।’’ এখানেই শেষ নয়। জেনিফারের সঙ্গে একটি ‘রিল’ পোস্ট করে কর্ণ আরও লেখেন, ‘‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’’ এককথায় জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জন নাকচ করে দেন অভিনেতা। তা হলে পাত্র কি অন্য কেউ? সেই প্রশ্ন অনুরাগীদের।