Advertisement
E-Paper

অসুস্থ ছেলেকে বিদেশে চিকিৎসা করাতে গিয়ে জড়ালেন অপরাধে! ওটিটি-তে আর কী রহস্য এ সপ্তাহে

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে রয়েছে হাতেগোনা কয়েকটি ছবি। তবে ওটিটি-তে রয়েছে একগুচ্ছ চমক!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১১:৩২
প্রেক্ষাগৃহ ও ওটিটি-তে চমক কাদের?

প্রেক্ষাগৃহ ও ওটিটি-তে চমক কাদের? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এপ্রিলের দ্বিতীয় শুক্রবার। তবে এখনও মার্চে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর দাপট প্রেক্ষাগৃহে। এপ্রিলের প্রথম শুক্রবার কোনও ছবি মুক্তি পায়নি আদিত্য ধরের এই ছবির জন্যই। দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে রয়েছে হাতেগোনা কয়েকটি ছবি। তবে ওটিটি-তে রয়েছে একগুচ্ছ চমক!

বড়পর্দায় কী কী মুক্তি পাচ্ছে?

১) বিবি পায়রা: সমাজে পিছিয়ে পড়া দুই নারী প্রতিকূল পরিবেশের মধ্যেও কী ভাবে জীবনে ভাল থাকার রসদ খুঁজে নেয়, তা নিয়েই তৈরি এই ছবি। ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও পাওলি দাম। ছবির ঝলক ও গান নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ছবিটি সম্পর্কে পরিচালক অর্জুন বলেছিলেন, ‘‘আমার আগের ছবি থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। পরিচালক হিসেবে বিভিন্ন ধারার ছবি তৈরি করতে পছন্দ করি। এই ছবিতে কমেডির মোড়কে রূঢ় বাস্তবকে তুলে ধরার চেষ্টা করব।’’

Advertisement

২) ডেকয়েট: মৃণাল ঠাকুরের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে এই ছবি। প্রেমের গল্পের সঙ্গে রয়েছে অ্যাকশন দৃশ্যের মেলবন্ধন। মৃণালের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা আদিভি সেশকে। শুটিং করতে গিয়ে আদিভির পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল বলে শোনা যায়। ফলে বেশ কিছু দিন শুটিং বন্ধ ছিল। মৃণালও জানিয়েছেন, ঝুঁকিবহুল শুটিং করেছেন তিনি। এমন একটি অ্যাম্বুল্যান্স চালিয়েছেন, যেটির হ্যান্ডব্রেক কাজ করছিল না। শাড়ি পরে অ্যাম্বুল্যান্স চালাতে গিয়েও বেগ পেতে হয়েছিল তাঁকে। ছবিটি তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে।

৩) দ্য ড্রামা: বিয়ের বাকি আর মাত্র কয়েক দিন। ছবির চরিত্র এমা ও চার্লি প্রস্তুত। কিন্তু একটি ঘটনার কারণে বিয়ের ঠিক আগে বদলে যায় সম্পর্কের সমীকরণ। তৈরি হয় বিয়ে নিয়েই অনিশ্চয়তা। স্বপ্নের মতো প্রেমের রূপটাই বদলে যায়। জ়েন্ডেয়া ও রবার্ট প্যাটিনসন অভিনীত এই ছবিও মুক্তি পাচ্ছে শুক্রবার।

ওটিটি-তে কী কী মুক্তি পাচ্ছে?

১) ও রোমিয়ো: বড়পর্দায় মুক্তির পরে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। এর আগে অ্যামাজ়ন রেন্ট-এ দেখা যাচ্ছিল ছবিটি। তবে ১০ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে শাহিদ কপূর অভিনীত ছবি। ছবিতে অতিরিক্ত রক্তারক্তির দৃশ্য নিয়েও প্রশ্ন উঠেছিল। তখন পরিচালক বিশাল ভরদ্বাজ বলেছিলেন, “আমার ছবি ‘ও রোমিয়ো’-তে গ্যাংস্টারদের কথা বলা হয়েছে। তাই হিংসা তো দেখাতেই হবে। ছবির ভাষাও এগিয়ে গিয়েছে, তাই সেই ভাষার সঙ্গে তাল না মেলালে, আপনাদেরই ভাল লাগবে না। তবে হিংসার দৃশ্য হলেও, তার মধ্যে শিল্পের ছাপ থাকতে হবে।”

২) একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও: বড়পর্দায় সাড়া ফেলেছিল এই ছবি। এই ছবিতে রহস্যের সমাধান হবে পুরুলিয়ায়। পুরুলিয়া মানেই ছৌ নাচ ও মুখোশ। সেই মুখোশের আড়ালেই কি অপরাধীকে ধরবে একেন? জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি হইচইতে দেখা যাবে ১৫ এপ্রিল থেকে। নববর্ষের আবহে এই ছবি দেখতে পারেন দর্শক।

৩) তু ইয়া ম্যায়: প্রেমের সপ্তাহে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি। আনকোরা জুটি— আদর্শ গৌরব ও শনায়া কপূর। সেই ভাবে সাড়া ফেলেনি বক্সঅফিসে। দুই নেটপ্রভাবীর জীবনকে ঘিরে তৈরি এই ছবি। প্রেম, বন্ধুত্ব থেকে রহস্য, সব মিলবে এই ছবিতে। একসঙ্গে কাজ করে বাস্তবেও আদর্শ ও শনায়ার মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়েছে বলেও শোনা যায়। শুটিংয়েও নানা রকমের অভিজ্ঞতা হয়েছে তাঁদের। আদর্শ জানান, ছবিতে দেখে মনে হবে, গ্রীষ্মে শুটিং হয়েছে। কিন্তু বাস্তবে জলাশয়ের জল কনকনে ঠান্ডা ছিল। তাঁদের যথেষ্ট বেগ পেতে হয় সেই শুটিংয়ে। ১০ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।

৪) আমার বস: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি নিয়ে আলোচনা হয়েছিল বড়পর্দায় মুক্তির পরে। এ বার এই ছবি ওটিটি-তে। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ নিজেও। ছিলেন রাখি গুলজ়ার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র প্রমুখ। ছবি নিয়ে পরিচালক বলেছিলেন, “আমাদের আগামী ছবি ‘আমার বস’-এ বাংলা ভাষার গুরুত্ব থাকবে। গল্প আবর্তিত হবে এক প্রকাশনা সংস্থাকে কেন্দ্র করে।” এই ছবি জ়ি ফাইভে দেখা যাবে আগামী ১০ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। নববর্ষে উপলক্ষেই এই ছবি দেখানো হবে ওটিটিতে।

৫) ব্যোমকেশ বক্সী: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ‘অর্থমনর্থম’-এর অবলম্বনে তৈরি এই সিরিজ় ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে আড্ডা টাইম্‌স-এ। ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। অজিতের চরিত্রে অর্ণ মুখোপাধ্যায়। নববর্ষের আবহে রহস্যপ্রেমী বাঙালি দর্শক ডুব দিতে পারেন এই সিরিজ়ে।

৬) দ্য ক্লিনিং লেডি (চতুর্থ সিজ়ন): এটিও একটি ক্রাইম থ্রিলার। একজন কম্বোডিয়ান চিকিৎসক তার অসুস্থ ছেলের চিকিৎসার জন্য অবৈধ ভাবে আমেরিকায় আসে। পরিস্থিতির চাপে পড়ে সে একটি অপরাধী চক্রের খুনের প্রমাণ মোছার কাজ করতে বাধ্য হয়। এক দিকে পুলিশ আর অন্যদিকে মাফিয়া— এই দুইয়ের মাঝে নিজের অস্তিত্ব এবং ছেলের জীবন বাঁচানোর লড়াই-ই হল এই সিরিজ়ের মূল গল্প। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই সিরিজ়।

OTT film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy