Advertisement
E-Paper

দোলের রং কখনও প্রেমের, কখনও ধ্বংসের! উৎসবে কোন কোন ছবি দেখে রঙিন করবেন দিন?

এই দিন অনায়াসে বাড়ি থেকে বেরোনোও নিরাপদ নয়। ‘বুরা না মানো হোলি হ্যায়’ বলে যে কেউ রং মাখিয়েই দিতে পারেন। তাই বাড়িতে বসেই মনে রং আনতে ওটিটি-মুখী হতে পারেন। দেখতে পারেন কয়েকটি ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৫:১৬
ওটিটি-তে কী কী ছবি দেখবেন?

ওটিটি-তে কী কী ছবি দেখবেন? ছবি: সংগৃহীত।

রং না মেখেও রঙের উৎসব সম্ভব। অনেকেই রং মাখতে পছন্দ করেন না। আবার অনেকের সামান্য আবিরও ত্বকে নানা রকমের সমস্যা তৈরি করে। কিন্তু তাঁদের জন্য কি রঙের উৎসব সাদা-কালো হয়েই থেকে যাবে? এ যুগ অবশ্য ‘ভার্চুয়াল’ জগতেও রং খেলেছে। ছুটির দিন হলেও এই দিন অনায়াসে বাড়ি থেকে বেরোনোও নিরাপদ নয়। ‘বুরা না মানো হোলি হ্যায়’ বলে যে কেউ রং মাখিয়েই দিতে পারেন। তাই বাড়িতে বসেই মনে রং আনতে ওটিটি-মুখী হতে পারেন। দেখতে পারেন কয়েকটি ছবি।

১) শোলে: রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’ ছবিতে হোলি শুধু একটি উৎসবের দৃশ্য নয়। সেই দৃশ্যের বড় ভূমিকা ছিল। গত বছর এই ছবির ৫০ বছর পূর্ণ হয়েছে। তা সত্ত্বেও এখনও এই ছবির আবেদনে ভাটা পড়েনি। এই ছবিতে ‘হোলি কে দিন খিল যাতে হ্যায়’ গানটি জুড়ে ছিল রং খেলার দৃশ্য। আনন্দের মুহূর্তের মাঝেই হঠাৎ গব্বর সিংহের আবির্ভাব। বদলে যায় সম্পূর্ণ আবহ। ছুটির দিনের দুপুরে মধ্যাহ্নভোজ সারতে সারতে এই ছবি আরও একবার দেখতেই পারেন। বয়স্করা যৌবনে এই ছবি দেখার রোমাঞ্চ ও সুখস্মৃতি আর এক বার ঝালিয়ে নিতে পারেন। প্রাইম ভিডিয়োয় দেখা যায় এই ছবি।

২) ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি: নতুন প্রজন্মের কাছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি জনপ্রিয়। প্রেম, বন্ধুত্ব, কেরিয়ার— সব কিছু নিয়ে বিশেষ বার্তা রয়েছে এই ছবিতে। তার মধ্যেই রয়েছে রং খেলার একটি দৃশ্য। ‘বলম পিচকারি’ গানে উঠে এসেছিল নতুন প্রজন্মের রং খেলার ধরন। নেটফ্লিক্সে রয়েছে দীপিকা পা়ড়ুকোন ও রণবীর কপূর অভিনীত এই ছবি।

৩) রাঞ্ঝনা(২০১৩): আনন্দ এল রাইয়ের প্রেমের ছবি এটি। রঙের উৎসবের সঙ্গে বার বার উঠে এসেছে প্রেমের কথা। রঙের উৎসব ও প্রেম, উভয়ই ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে সেই বার্তাও দেয় এই ছবি। ভিন্‌ধর্মী প্রেমিকাকে অনায়াসে তাই রং মাখিয়ে দেয় নায়ক। বারাণসীর প্রেক্ষাপটে তৈরি এই ছবি। প্রেম কখনও বিধ্বংসীও হয়ে উঠতে পারে, সে কথাও তুলে ধরে এই ছবি। ধনুষ ও সোনম কপূর অভিনীত ছবি রয়েছে জ়ি ফাইভে।

৪) গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা (২০১৩): সঞ্জয় লীলা ভন্সালীর ছবিতে যে কোনও উৎসবের দৃশ্যায়নে আতিশয্যের অভাব থাকে না। প্রেমের রং লাল, এই ছবি সেই বার্তা দেয় বার বার। রাম ও লীলার প্রেম শুরু রং মেখেই। ছবিতে ‘লহু মুহ লগ গয়া’ গানের দৃশ্যায়নে একসময় মুগ্ধ হয়েছিলেন দর্শক। উন্মত্ত প্রেম একই সঙ্গে আনন্দ ও বিপর্যয় ডেকে আনতে পারে, এই ছবিতে রয়েছে সেই বার্তা। ছবির শেষ চোখে জল আনলেও রং খেলার দিন প্রেমিকযুগল একসঙ্গে দীপিকা পা়ড়ুকোন ও রণবীর সিংহের এই ছবি রয়েছে জিয়ো সিনেমায়।

৫) সিলসিলা: যশ চোপড়া পরিচালিত এই ছবি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে একসময়। তার অন্যতম কারণ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখা— ছবিতে তিনজনের সমীকরণ নাকি বাস্তবের সঙ্গে মিলে যায়। ছবিতে রয়েছে ‘রং বরসে’র মতো গানে রং খেলার দৃশ্য। বিবাহ-বহির্ভূত সম্পর্কের সমীকরণ উঠে এসেছিল এই গানের দৃশ্যে। এই ছবিও দেখা যায় প্রাইম ভিডিয়োয়।

৬) বাগবান: ছুটির দিন। তাই সপরিবারে দেখার জন্য রবি চোপড়ার এই ছবি আদর্শ। ‘হোলি খেলে রঘুবীর’ গানে রয়েছে বসন্তের রং উদ্‌যাপনের দৃশ্য। অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত এই ছবি পরিবারের গুরুত্বের বার্তা দেয়। জিয়ো হটস্টার অথবা প্রাইম ভিডিয়োয় রয়েছে এই ছবি।

Holi Ramleela
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy