কয়েক দিন আগে টালিগঞ্জের একটি বহুতলে আচমকা আগুন ধরে গিয়েছিল। সোমবার একই ঘটনার পুনরাবৃত্তি রুবি সংলগ্ন একটি বহুতলে। খবর, বহুতল আবাসন ‘আরবানা’র চতুর্থ টাওয়ারের পাঁচতলায় আগুন লাগে। এই টাওয়ারে থাকেন পায়েল সরকার, লহমা ভট্টাচার্য-সহ বাংলা বিনোদনদুনিয়ার খ্যাতনামীরা।
আগুন ধরতেই তড়িঘড়ি আবাসিকেরা নেমে আসেন নীচে। পায়েল আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “প্রথমে কেউই টের পাননি। আমাদের রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে রান্নার দিদি আমাকে ডাকেন। সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝে নীচে নেমে আসি।” তত ক্ষণে ধোঁয়ায় ঢেকে গিয়েছে টাওয়ারের চারপাশ। অভিনেত্রী জানান, স্বাভাবিক ভাবেই সবাই আতঙ্কিত হয়ে পড়েন। দমকলকে খবর দেওয়ার কথাও প্রথমে মাথায় আসেনি কারও। তাই আগুন লাগার ৪০ মিনিট পর দমকলের দুটো ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আচমকা আগুনে ভয় পেয়ে গিয়েছিলেন লহমাও। পায়েল থাকেন সাততলায়। মা-বাবাকে নিয়ে লহমা থাকেন ৩০ তলায়! তাঁর কথায়, “হঠাৎ দেখি ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। সবাই তড়িঘড়ি নীচে নামছেন। ৩০ তলা থেকে নীচে নামতেও তো সময় লাগে! এ দিকে করিডরে কিচ্ছু দেখা যাচ্ছিল না। চারদিকে শুধুই চাপ চাপ ধোঁয়ার কুণ্ডলী।”
আরও পড়ুন:
কী ভাবে আগুন লাগল? সঠিক কারণ জানেন না পায়েল বা লহমা। কানাঘুষো শুনেছেন, পাঁচ তলার যে ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়েছে সেই ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে সম্ভবত শর্ট সার্কিট হয়েছিল। তার থেকেই আগুন ধরে যায়। নিমেষে ছড়িয়ে পড়ে তা। আপাতত নিরাপদে দুই নায়িকা এবং বহুতলের অন্যেরা।