গত দু’মাস ধরে পাঁচ রাজ্যের নির্বাচনের দৌলতে বিনোদন যেন মুঠোফোনে বন্দি। নির্বাচন শেষ। আইপিএলও কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এ বার ধীরে ধীরে সিনেমাহলমুখী হচ্ছে দর্শক। দু’সপ্তাহ আগে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিটি ইতিমধ্যেই ১০০ কোটি পার করেছে। অন্য দিকে, বিশ্ব জুড়ে আলোচনা এখন প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র নিয়ে। চলতি সপ্তাহে বাংলা, হিন্দি, ইংরেজি মিলিয়ে একাধিক ছবি মুক্তি পাচ্ছে।
রাজা শিবাজী
ছত্রপতি রাজা শিবাজীকে নিয়ে ছবি। কেন্দ্রীয় চরিত্রে রিতেশ দেশমুখের অভিনয়। ভারতীয় দর্শকের বরাবর ঐতিহাসিক গল্পের প্রতি আগ্রহ রয়েছে। এই ধরনের গল্প বক্সঅফিসে সাফল্যও পেয়েছে। যদিও ছত্রপতি শিবাজীকে নিয়ে নির্মিত ছবি সব সময় আঞ্চলিক দর্শকদের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে বেশি। শিবাজীকে নিয়ে শৈশব থেকেই আবেগপ্রবণ রিতেশ। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে বলেন “আমাদের কাছে মহারাজ কী, তা আলাদা করে আমার বলার দরকার নেই। আমরা ছত্রপতি শিবাজী মহারাজের মাটিতে শ্বাস নিই। শৈশবে আমরা মাটির দুর্গ বানিয়ে তার মাথায় গেরুয়া পতাকা পুঁতে দিতাম।” এমন এক জনের চরিত্রে অভিনয় করতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন রিতেশ। যদিও এই ধরনের ছবিকে দর্শকের কাছে সফল করার পিছনে থাকে দীর্ঘদিনের প্রস্তুতি ও খুঁটিনাটি সমস্ত বিষয়ে মনোযোগ। সেটা কতটা সফল ভাবে করতে পেরেছেন রিতেশ, সেটাই এখন দেখার।
এক দিন
২০১৬ সালের তাইল্যান্ডের ছবি ‘ওয়ান ডে’র হিন্দি সংস্করণ ‘এক দিন’ ছবিটি। কোনও বড় তারকা নেই এই ছবিতে। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে প্রথম বার জুটিতে দেখা যাবে আমিরপুত্র জুনেইদ খান ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। জুনেইদ সবেমাত্র নিজের কেরিয়ার শুরু করছেন। আর সাই পল্লবী হিন্দিতে এই প্রথম ছবি করছেন। আমির খানের প্রযোজনা সংস্থার ছাতার তলায় মুক্তি পাচ্ছে এই ছবি। গত কয়েক বছরে আমিরের অভিনীত কিংবা প্রযোজিত ছবি সে ভাবে সাফল্যের মুখ দেখেনি। তাই ছেলের ছবিকে হিট করাতে প্রথম থেকেই ময়দানে নেমে পড়েছেন আমির। সেই অর্থে বড় তারকা ছাড়া এই ছবি তিনি অ্যাডভ্যান্স বুকিং শুরু করেছেন ৩৯ দিন আগে থাকে। ছবির ব্যবসায়িক সাফল্যের লক্ষ্যে একেবারে কোমর বেঁধে নেমেছেন আমির। ছেলের হাত ধরেই কি ফ্লপের খরা কাটবে আমিরের! জন্ম নেবে নতুন এক জুটির, সেটা সময়ই বলবে।
প্রত্যাবর্তন
গত কয়েক সপ্তাহ বাংলা ছবি মুক্তি পেয়েছে। কিন্তু বক্সঅফিসে লক্ষ্মীলাভ সে ভাবে হয়নি। এ বার একেবারে একটি পারিবারিক গল্প নিয়ে আসছেন পরিচালক সমর্পণ সেনগুপ্ত। সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে ব্যস্ত চিকিৎসক দম্পতি দীপঙ্কর ও শালিনী হারান তাঁদের একমাত্র সন্তান দিশাকে। দিশার একাকীত্ব তাকে নিয়ে যায় ভার্চুয়াল জগতের এক অন্ধকার গলিতে, যা থেকে জন্ম নেয় এক অনাকাঙ্ক্ষিত সঙ্কট। সেখানে থেকেই শুরু হয় সামাজিক সংগ্রাম। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শিলাজিৎ, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
দ্য ডেভিলস্ উইয়্যার প্রাডা: ২
পাশ্চাত্য দুনিয়ার মানুষজন নাকি ব্র্যান্ডের প্রতি মোহাবিষ্ট! সেখান থেকেই ছবির এমন নামকরণ। একটি নামকরা ফ্যাশন ম্যাগাজ়িনের মাথায় রয়েছেন মেরিল স্ট্রিপ। ঝাঁ চকচকে জীবনে তাঁর দামি দামি ব্র্যান্ডের পোশাক, দামি ব্যান্ডের জুতো— সবটাই উচ্চস্তরের। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একাকী। এমন এক জাঁদরেল বসের অধস্তন কর্মী হয়ে আসেন অ্যান হ্যাথওয়ে। তাঁদের সম্পর্কের সমীকরণের এই ছবি কতটা মনোগ্রাহী হয় দর্শকের কাছে, সেটাই দেখার।