আগের তুলনায় ভাল আছেন ‘বিগ বস্ ১৭’-খ্যাত প্রতিযোগী অনুরাগ ডোভাল, শুক্রবার এই বার্তাই দিয়েছিলেন তাঁর আপ্তসহায়ক রোহিত পাণ্ডে। কিন্তু, রাতারাতি বদলে গেল পরিস্থিতি! শনিবার রোহিত জানিয়েছেন, আইসিইউ থেকে বার করার পরে নতুন করে সমস্যা দেখা দিয়েছে অনুরাগের শরীরে। আবার কী হয়েছে তাঁর?
রোহিত সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, “ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন অনুরাগ। সেই জন্যই চিকিৎসকেরা তাঁকে আইসিইউ থেকে বার করেছিলেন। কিন্তু তাঁর ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে।” রোহিতের দাবি, গাড়ি দুর্ঘটনায় শরীরের অন্যান্য অংশের মতো অনুরাগের ফুসফুসও ক্ষতিগ্রস্ত। তাই সেখানে সংক্রমণ দেখা দিয়েছে। অনুরাগের নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসকেরাও নতুন করে তাঁকে নিয়ে চিন্তিত।
শুক্রবার অনুরাগের স্বাস্থ্যের উন্নতির খবরে স্বস্তি পেয়েছিলেন তাঁর অনুরাগীরা। শনিবার ফের অসুস্থতার খবরে স্বাভাবিক ভাবেই নতুন করে উদ্বেগ ছড়ায়।
এ দিকে শুক্রবার ঋতিকা চৌহানের একটি বার্তায় নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। অনুরাগের সুস্থতার খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে একাধিক বার্তা দেন ‘বিগ্ বস ১৭’-র প্রতিযোগীর স্ত্রী ঋতিকা। তিনি লেখেন, “সমাজমাধ্যমে আমরা যা দেখি, তার সব কিছুই সত্য নয়। এটি এমন একটি জায়গা, যেখানে কেউ কিছু পোস্ট করলে অন্যেরা প্রতিক্রিয়া জানায়। এবং বিষয়টি এক বা দুই দিনের জন্য আলোচনায় থাকে। তার পরে মানুষ নিজের জীবনে এগিয়ে যায়।” ঋতিকার এই বার্তা ঘিরেই নতুন জল্পনা শুরু। ভাই অতুল ডোভাল ওরফে ‘কামাল ইঙ্ক’-এর পরে এ বার কি অনুরাগের বিপক্ষে মুখ খুলতে চলেছেন তাঁর স্ত্রী? না কি ইঙ্গিতপূর্ণ পোস্টে পাশে দাঁড়ালেন স্বামীরই?