মুম্বইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবি ‘দাদা’র শুটিং চলছে জোরকদমে। পরিচালনায় বিক্রমাদিত্য মোটওয়ানে। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন? এই নিয়ে ছিল কৌতূহল। বাংলার ‘মহারাজ’-এর পর্দার বৌয়ের খবর টিমের থেকেই জানতে পেরেছে আনন্দবাজার ডট কম। বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলাকে দেখা যাবে এই চরিত্রে।
মার্চের গোড়া থেকে শুটিং শুরুর কথা ছিল। সেই অনুযায়ী পরিচালক কলকাতাকে প্রথম শুটিংস্থল হিসাব বেছে নিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচন এবং আইপিএল ক্রিকেট তাতে বাদ সাধে। তাই এপ্রিল থেকে মুম্বইয়ে শুটিং শুরু। সেখানেই সেটে বানিয়ে নেওয়া হয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়ামের ‘রেপ্লিকা’। পর্দার ‘সৌরভ’ রাজকুমার ছবির খাতিরে ওজন বাড়িয়েছেন। কেবল কিছুতেই খোঁজ পাওয়া যাচ্ছিল না পর্দার ডোনার।
বিভিন্ন সময়ে এই চরিত্রের জন্য উঠে এসেছে কলকাতার একাধিক অভিনেত্রীর নাম। শুরুতে শোনা গিয়েছিল, ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার পছন্দ মিমি চক্রবর্তী। তিনি ‘রক্তবীজ ২’ ছবির শুটিংয়ে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সেটে মিমির সঙ্গে আলাপ সারতেও এসেছিলেন। মিমির সঙ্গে শোনা গিয়েছিল আরও একটি নাম, ইশা সাহা। সম্প্রতি শোনা গিয়েছে, অমৃতা চট্টোপাধ্যায় নাকি এই চরিত্রের জন্য মনোনীত হয়েছেন। ইশা, অমৃতা যেহেতু অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ, সম্ভবত তা-ই তাঁদের নাম আলোচনা জায়গা করে নিয়েছিল।
আরও পড়ুন:
তবে বাজি মেরেছেন তান্যা। প্রতিম ডি গুপ্তের সিরিজ় ‘টুথপরি’র নায়িকা তান্যা এর আগে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রতিমের সিরিজ়ে তাঁর নায়ক ছিলেন শান্তনু মাহেশ্বরী। খবর, ১৫ মে, শুক্রবার থেকে রাজকুমারের সঙ্গে তান্যার শুটিং শুরু। ১০-১২ দিন ধরে চলবে ছবির সৌরভ-ডোনার অংশের শুটিং। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে কলকাতায় শুটিং শুরু করতে পারেন টিম ‘দাদা’। এ ছাড়া, দক্ষিণ ভারত, লন্ডনেও শুটিং হবে। টিমের তরফ থেকে জানানো হয়েছে, শুটিং শেষ হতে ছ’মাস সময় লাগতে পারে।